• হোম > টেকনোলজি | তথ্য-প্রযুক্তি > এআই স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের উদ্বেগ

এআই স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের উদ্বেগ

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০
  • ৯

---

ইবি রিপোর্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট চশমার জনপ্রিয়তা বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। মুঠোফোন ছাড়াই কল করা, বিভিন্ন এআই সুবিধা ব্যবহার এবং ছবি ও ভিডিও ধারণের মতো সুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এ ধরনের চশমার চাহিদা বাড়ছে। তবে সুবিধার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষ করে জনসমাগমস্থলে মানুষের অজান্তে ভিডিও ধারণের সম্ভাবনা নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। বর্তমানে স্মার্ট চশমার বাজারে মেটার তৈরি রে-ব্যান স্মার্ট গ্লাস বেশ জনপ্রিয়। মেটার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭০ লাখের বেশি জোড়া এই চশমা বিক্রি হয়েছে।

গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাজ্যের প্রায় ৮০০টি পানশালা পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েদারস্পুনস তাদের সব শাখায় স্মার্ট চশমা ব্যবহার করে ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে। নারীর অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠনও প্রযুক্তিটির সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বেলফাস্টের ৩১ বছর বয়সী কনটেন্ট নির্মাতা পিয়ার্স ভ্যালেলি নিয়মিত মেটার রে-ব্যান স্মার্ট চশমা ব্যবহার করেন। রাস্তায় হাঁটার সময় মানুষের সঙ্গে তার কথোপকথনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। তার এমন একটি ভিডিও টিকটকে ৬ লাখের বেশি বার দেখা হয়েছে।

তবে ভ্যালেলির দাবি, তিনি প্রযুক্তিটি ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করেন। কোনো ব্যক্তি ভিডিও প্রকাশে আপত্তি জানালে তিনি সেটি প্রকাশ করেন না। তার ভাষ্য, ভিডিও তৈরির উদ্দেশ্য কাউকে উপহাস করা নয়।

স্মার্ট চশমাটিতে থাকা ক্যামেরা স্পর্শের মাধ্যমে চালু করা যায়। ভিডিও ধারণের সময় চশমাটির একটি সাদা সূচক আলো জ্বলে ওঠে। এর মাধ্যমে আশপাশের মানুষ বুঝতে পারেন যে চশমাটি দিয়ে ভিডিও ধারণ করা হচ্ছে।

মেটা জানিয়েছে, চশমাটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নতুন পরিবর্তন আনা হয়েছে। কেউ যদি ক্যামেরার সতর্কতাসূচক আলো ঢেকে রাখার বা সেটিকে বিকৃত করার চেষ্টা করেন, তাহলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বন্ধ করে দেবে।

তবে সমালোচকদের প্রশ্ন, বাস্তবে সবাই কি এই আলো দেখে বুঝতে পারেন যে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে? ভ্যালেলির মতে, অনেকেই আলো দেখে বিষয়টি বুঝতে পারেন। এ ছাড়া সুযোগ পেলে ভিডিও ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে বিষয়টি জানিয়ে দেন বলেও জানান তিনি।

গোপনীয়তা নিয়ে বিতর্ক থাকলেও বিশেষজ্ঞরা স্মার্ট চশমার গুরুত্বপূর্ণ কিছু উপকারিতার কথাও তুলে ধরেছেন। বেলফাস্টের চক্ষু বিশেষজ্ঞ জিওফ ম্যাককনভিলের মতে, দৃষ্টিপ্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য এই প্রযুক্তি বিশেষভাবে সহায়ক হতে পারে।

এআইভিত্তিক বিভিন্ন সুবিধার মাধ্যমে স্মার্ট চশমা সংবাদপত্র, বই কিংবা রাস্তার সাইনবোর্ডের লেখা পড়ে শোনাতে পারে। ফলে দৃষ্টিসংক্রান্ত সমস্যায় থাকা ব্যক্তিরা দৈনন্দিন জীবনে বাড়তি সহায়তা পেতে পারেন।

মেটার দাবি, দৃষ্টিপ্রতিবন্ধী ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের জন্য স্মার্ট চশমা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তবে যেখানে ভিডিও ধারণ করা অনুচিত, সেখানে স্মার্ট চশমা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা স্বাভাবিক বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, কেউ যদি হয়রানি বা ক্ষতিকর উদ্দেশ্যে অন্যের ভিডিও প্রকাশ করেন, তাহলে সেই কনটেন্ট প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে।

ফলে একদিকে এআই স্মার্ট চশমা যোগাযোগ, তথ্যপ্রাপ্তি ও সহায়ক প্রযুক্তি হিসেবে নতুন সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে মানুষের ব্যক্তিগত পরিসর ও সম্মতি নিয়ে তৈরি হচ্ছে নতুন প্রশ্ন। প্রযুক্তিটির ব্যবহার যত বাড়ছে, ততই গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17343 ,   Print Date & Time: Tuesday, 15 September 2026, 08:10:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh