• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > শহীদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক দিলেন তারেক রহমান

শহীদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক দিলেন তারেক রহমান

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪
  • ৯

---

ইবি রিপোর্ট

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শহীদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে শহীদদের স্ত্রীদের চাকরি এবং সন্তানদের জন্য মাসিক ভাতার উদ্যোগের কথাও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য শহীদ হন। তারা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব এবং মা পারভীন আক্তার।

অন্যদিকে, মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17341 ,   Print Date & Time: Tuesday, 15 September 2026, 08:08:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh