• হোম > রাজনীতি > ঢাকার দুই সিটি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত

ঢাকার দুই সিটি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯
  • ৬

---

 

ইবি রিপোর্ট

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে আবু সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। মাঠপর্যায়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি জানান, অনেক জায়গায় এরই মধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত নির্বাচনে অংশ নেবে এবং সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে।

তবে দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান জামায়াতের এই নেতা। তাঁর ভাষ্য অনুযায়ী, গণমাধ্যমে ইতোমধ্যে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণার বিষয়টি এসেছে।

মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। একই সঙ্গে তিনি দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

সাম্প্রতিক সময়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে তাঁর সক্রিয়তা দেখা গেছে। পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে অনানুষ্ঠানিকভাবে ঘোষিত আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন।

পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তিনি ভিপি বা সহসভাপতি নির্বাচিত হন।

সাদিক কায়েম ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তা তৈরি হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। তাঁকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তরুণ ভোটারদের সমর্থন আদায়ের পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশের বিভিন্ন পর্যায়ে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি ঢাকার দুই সিটি করপোরেশনেও নিজেদের প্রার্থী ঠিক করেছে দলটি। তবে প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তী সময়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17323 ,   Print Date & Time: Monday, 14 September 2026, 02:36:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh