
ইবি রিপোর্ট
মঙ্গলবার রাত থেকে দেশের কলকারখানাগুলোতে চাহিদামতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা।
বৈঠকে দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান। এর অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস পাওয়ার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিশেষ করে এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) নির্মাণের পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনালও নির্মাণ করা হবে।
বর্তমানে শিল্প খাতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এফএসআরইউয়ের ওপর নির্ভরতা রয়েছে। ভবিষ্যতের বাড়তি চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে শুধু এফএসআরইউনির্ভরতা না রেখে স্থলভিত্তিক ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
ব্যবসায়ী নেতারা বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহে অনিশ্চয়তা থাকলে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়। এতে বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই শিল্পের স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি।
বৈঠকে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও আলোচনা হয়। ব্যবসায়ী প্রতিনিধিদের বিভিন্ন প্রস্তাব ও উদ্বেগ শোনার পাশাপাশি সরকার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তবে বৈঠকে এ কথাও উঠে আসে যে, দীর্ঘদিন ধরে জমে থাকা বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এলএনজি সরবরাহ বৃদ্ধির জন্য পাঁচটি এফএসআরইউর পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণ করা হলে ভবিষ্যতে শিল্প ও অন্যান্য খাতে জ্বালানির বাড়তি চাহিদা পূরণে সক্ষমতা বাড়বে বলে বৈঠকে জানানো হয়।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ বৈঠকে শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখা, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।