• হোম > ব্যাংক > আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে সরে গেলেন চার স্বতন্ত্র পরিচালক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে সরে গেলেন চার স্বতন্ত্র পরিচালক

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৩
  • ১০

---

 

ইবি রিপোর্ট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে চার স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনার পর আজ রোববার তাঁরা পদত্যাগ করেন বলে জানা গেছে।

পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন—মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান। তাঁদের মধ্যে সাবেক ব্যাংকার, হিসাববিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও ছিলেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একজন পদত্যাগকারী পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ ব্যাংক থেকে তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছিল। এরপরই তাঁরা পদত্যাগপত্র জমা দেন।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সরকারের উচ্চপর্যায় থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে স্বতন্ত্র পরিচালক সরিয়ে নেওয়ার কথা বলা হয়। সেই নির্দেশনা অনুযায়ী পাঁচ স্বতন্ত্র পরিচালকের মধ্যে একজনকে রেখে বাকি চারজনকে পদত্যাগ করতে বলা হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আওয়ামী লীগ সরকারের সময় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। ওই সময়ে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আর্থিক খাতের বিতর্কিত ব্যক্তি সাইফুল আলম বা এস আলমের ভাই আবদুস সামাদ লাবু এবং কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।

এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপ—দুই পক্ষের মালিকপক্ষই চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা।

২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর ব্যাংকটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কয়েকজন স্বতন্ত্র পরিচালককে।

স্বতন্ত্র পরিচালকদের অধীনে ব্যাংকটিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে নিরীক্ষা করানো হয়। এসব নিরীক্ষায় ব্যাংকটির বিভিন্ন অনিয়মের তথ্য উঠে আসে।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ব্যাংকের মালিকানার সঙ্গে যুক্ত দুটি পক্ষই আবার ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে ওঠে। এর মধ্যে কেডিএস গ্রুপ ব্যাংকটির পরিচালনার নিয়ন্ত্রণ ফিরে পায়।

অন্যদিকে, আরেকটি পক্ষ তাদের হাতে থাকা শেয়ারের বিপরীতে ব্যাংকের পরিচালক পদ দাবি করে। এর ধারাবাহিকতায় গত জুলাইয়ে ব্যাংকটির পুরোনো ১৪ জন শেয়ারধারীকে পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

এরপর ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। পাশাপাশি নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।

এ অবস্থায় পাঁচ স্বতন্ত্র পরিচালকের মধ্যে চারজনের পদত্যাগের ফলে ব্যাংকটির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের উপস্থিতি আরও কমে গেল। ফলে ব্যাংকটির পরিচালনায় কেডিএস গ্রুপের প্রভাব ও নিয়ন্ত্রণ আরও দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17313 ,   Print Date & Time: Monday, 14 September 2026, 01:09:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh