• হোম > অর্থনীতি | আন্তর্জাতিক | বিশ্ববাণিজ্য > টনপ্রতি কয়লার দাম ১৪৫ ডলারের ওপরে, বাড়ছে বৈশ্বিক চাহিদা

টনপ্রতি কয়লার দাম ১৪৫ ডলারের ওপরে, বাড়ছে বৈশ্বিক চাহিদা

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০
  • ৯

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক বাজারে কয়লার দাম টনপ্রতি ১৪৫ ডলারের ওপরে উঠেছে। একই সময়ে বিশ্বে কয়লার ব্যবহারও বাড়ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বে কয়লার চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। এর ফলে কয়লার দামও গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ দরের কাছাকাছি অবস্থান করছে।

আইইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে কয়লার চাহিদা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৮৯৪ কোটি টনে দাঁড়াতে পারে। এর আগে সংস্থাটি বিশ্বে কয়লার চাহিদা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল। নতুন পূর্বাভাসে সেই অবস্থান থেকে পরিবর্তন এনে চাহিদা বৃদ্ধির কথা জানিয়েছে সংস্থাটি।

কয়লার চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়াকে দেখা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গ্যাসের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

গ্যাসের সরবরাহ ও দামের অনিশ্চয়তার কারণে বিভিন্ন দেশের বিদ্যুৎ উৎপাদনকারীরা বিকল্প জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বাড়াচ্ছেন। চীন, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে এ প্রবণতা দেখা যাচ্ছে।

এদিকে আবহাওয়ার পরিবর্তনও কয়লার চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার বেড়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে। ফলে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার ওপর নির্ভরতা বাড়ছে।

একই সময়ে ভারত ও ভিয়েতনামের মতো কয়েকটি দেশে জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস হিসেবে কয়লার ব্যবহার বাড়ছে। ফলে এসব দেশের বিদ্যুৎ খাতেও কয়লার চাহিদা তৈরি হচ্ছে।

বিশ্বজুড়ে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও সম্প্রসারিত হচ্ছে। তবে সামগ্রিকভাবে বিশ্বের বিদ্যুতের চাহিদা যে হারে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে কয়লার ব্যবহার কমছে না। বরং বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে কয়লার ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে।

আইইএ সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে এলএনজি সরবরাহে বিঘ্ন যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ২০২৭ সালেও বিশ্বে কয়লার ব্যবহার নতুন রেকর্ড গড়তে পারে।

ফলে একদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও অন্যদিকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ও দামের অনিশ্চয়তা এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কারণে কয়লার ওপর নির্ভরতা অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক বাজারে কয়লার দামেও পড়তে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17292 ,   Print Date & Time: Monday, 14 September 2026, 08:36:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh