• হোম > দেশজুড়ে | রাজনীতি > রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জে বিএনপির ঝাড়ু মিছিল

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জে বিএনপির ঝাড়ু মিছিল

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯
  • ৮

---

 

ইবি রিপোর্ট

জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার না করলে রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি বিকেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে নেতাকর্মীরা ঝাড়ু হাতে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে তারা আবার উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে একটি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জ্বালানি সংকটকে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করে রুমিন ফারহানা জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করেছেন এবং ‘অসংসদীয় ভাষা’ ব্যবহার করেছেন। তার এমন বক্তব্যকে আশুগঞ্জ উপজেলা বিএনপি ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করছে বলেও জানান তারা।

বক্তারা বলেন, রুমিন ফারহানাকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেন। একই সঙ্গে বিএনপি সরকারের সময়ে দুর্নীতি নিয়েও সমালোচনা করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না।’ তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সারের সংকট হবে না কিংবা কৃষকেরা সার কারখানা থেকে সার লুট করবেন না—এমনটিও হতে পারে না।

এ সময় তিনি বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না—এমন পরিস্থিতিও সম্ভব নয় বলে মন্তব্য করেন।

এর আগে গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছিলেন রুমিন ফারহানা। সে সময় তিনি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

রুমিন ফারহানার ওই বক্তব্যকে কেন্দ্র করেই এবার আশুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হলো। সভা থেকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে নেতাকর্মীরা তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17226 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 06:49:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh