• হোম > জাতীয় | দেশজুড়ে > পঞ্চগড় থেকে কক্সবাজার রেলপথে ব্যয় হবে ৬০ হাজার কোটি টাকা

পঞ্চগড় থেকে কক্সবাজার রেলপথে ব্যয় হবে ৬০ হাজার কোটি টাকা

  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১০
  • ১১

---

ইবি রিপোর্ট

দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী, পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ১০৭৭ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ/ডুয়েলগেজ রেলপথ নির্মাণ করা হবে। পাঁচটি পৃথক প্রকল্পের সমন্বয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ তৈরি হবে। এই রুটে নতুন করে ২০টি আন্তঃনগর ট্রেনসহ প্রায় আড়াইশ ট্রেন পরিচালনা করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। ১০৭৭ কিলোমিটারের এই পথটি দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম রেল রুট হবে।

রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, পঞ্চগড়সহ পশ্চিম ও উত্তরাঞ্চলের সাধারণ মানুষ সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। তিনি বলেন, সাড়ে চার বছরের মধ্যেই এই পথের পাঁচটি প্রকল্প সম্পন্ন করে ট্রেন চালানো সম্ভব হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে যথাযথ ইঞ্জিন ও কোচ সংগ্রহের কাজ শুরু হয়েছে।

রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানান, পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী এর বাস্তবায়ন নিশ্চিত করা হবে বর্তমান সরকারের মেয়াদেই। তিনি বলেন, এটি হবে রেল যোগাযোগের ইতিহাসে এক অভূতপূর্ব ও বৈপ্লবিক মেলবন্ধন।

রেলপথমন্ত্রী আরও বলেন, আধুনিক ব্রডগেজ নেটওয়ার্কের মাধ্যমে পশ্চিম ও উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ থেকে দক্ষিণের সমুদ্রতট পর্যন্ত ট্রেনের গতি ও যাত্রীসেবাকে নতুন পর্যায়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। তার মতে, এই রুট চালু হলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরাসরি ট্রেন চলাচল করবে। এতে পর্যটন ও অর্থনীতিতে নতুন পরিবর্তন আসবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-কক্সবাজার রেল সংযোগ বাস্তবায়নে পাঁচটি প্রকল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো টঙ্গী থেকে আখাউড়া, লাকসাম থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে দোহাজারী, শান্তাহার থেকে বগুড়া এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ব্রডগেজ ও ডুয়েলগেজ লাইন নির্মাণ।

এই পাঁচ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৬০ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রীর সরাসরি অগ্রাধিকারে থাকা এই করিডরের আধুনিকায়নে কোনো ধরনের আপস করতে রাজি নয় প্রশাসন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রেলওয়ের অপারেশন ও পরিবহণ দপ্তরের মতে, নতুন এই রেলপথ চালু হলে শুধু যাত্রী পরিবহনের সুযোগই বাড়বে না, দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগও সহজ হবে। একই সঙ্গে পাহাড় ও সমুদ্রঘেঁষা এলাকার মধ্যে রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে।

সংশ্লিষ্টদের ধারণা, পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালু হলে পর্যটন খাতের পাশাপাশি দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। এমনকি চলমান আয়ের অর্ধেকের বেশি আয় হবে এই রুট চালুর মাধ্যমে বলেও ধারণা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17169 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 05:39:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh