
ইবি রিপোর্ট
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। এর ফলে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত লোকজনের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দুর্ভোগ ও কষ্টের বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করছেন তারা। তবে সরকার তাদের কথা বলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।’
এর আগে শনিবার সকালে একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির। কবরের পাশে দাঁড়িয়ে তিনি সূরা ফাতিহা পাঠ করেন এবং শহীদ আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।
কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।
তার আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন।
ডা. শফিকুর রহমানের সঙ্গে এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছান জামায়াতে ইসলামীর আমির। তিনি বগুড়া সার্কিট হাউসে রাতযাপন করেন। শনিবার সকাল সোয়া ৫টার দিকে সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন তিনি।
ধুনট সফরে গিয়ে প্রথমে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে বক্তব্য দেন তিনি।