• হোম > দেশজুড়ে | রাজনীতি > গুলশানে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

গুলশানে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭
  • ১০

---

ইবি রিপোর্ট

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ডিএমপি জানায়, গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে থেকে দুপুর পৌনে ১২টার দিকে মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

ঘটনার পর মিছিলে সরাসরি অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। এতে মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এর আগে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন। তিনি বলেন, ওই সময় ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলও উদ্ধার করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুলশানের ওই মিছিলের বিভিন্ন দৃশ্য দেখা গেছে। ভিডিওতে কয়েকশ মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। তাদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে বলেও ভিডিওতে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন শনিবার ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17127 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 06:18:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh