
ইবি রিপোর্ট
বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় বিজ্ঞাপনদাতাদের জন্য মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের বিল পরিশোধে নতুন সুযোগ চালু হয়েছে। এখন থেকে ক্রেডিট কার্ড কিংবা বৈদেশিক মুদ্রায় লেনদেনের প্রয়োজন ছাড়াই বিকাশের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দেওয়া বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। এ জন্য অতিরিক্ত কোনো চার্জও দিতে হবে না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘আগামী: বাংলাদেশ এআই ইনোভেশন ডে’ শীর্ষক অনুষ্ঠানে নতুন এই সুবিধার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিশ্বখ্যাত বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার অংশীদারিত্বে আন্তর্জাতিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশে মেটার পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার, পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এতদিন বাংলাদেশের উদ্যোক্তাদের মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের বিল পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধাযুক্ত ক্রেডিট কার্ড ব্যবহার করতে হতো। দেশে এ ধরনের কার্ডের সংখ্যা আনুমানিক ৩০ লাখ। ফলে অনেক ক্ষুদ্র উদ্যোক্তার ক্রেডিট কার্ড না থাকায় আগ্রহ থাকা সত্ত্বেও মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ সীমিত ছিল।
নতুন পেমেন্ট ব্যবস্থায় সেই বাধা অনেকটাই দূর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধ করা যাবে।
এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই পরিশোধ করা অর্থ সরাসরি মেটার বিজ্ঞাপনের বাবদ আয়ের অ্যাকাউন্টে চলে যাবে বলে জানানো হয়েছে।
বর্তমানে বিকাশের নিবন্ধিত সিম ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ২০ লাখ। দেশের মোট কার্ডধারী জনগোষ্ঠীর তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ফলে দেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী, যারা নিয়মিত ব্যবসায়িক লেনদেনে বিকাশ ব্যবহার করেন, তারাই এখন মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধেও একই পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
নতুন এই সুবিধার ফলে বাংলাদেশের ক্ষুদ্র ও স্থানীয় ব্যবসাগুলোর অনলাইনে নিজেদের পণ্য ও সেবা প্রচারের সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা।
নতুন সুবিধা ব্যবহার করতে একজন ব্যবসায়ীর একটি স্মার্টফোন ও বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে। এর জন্য আলাদা করে ক্রেডিট কার্ড কিংবা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধা প্রয়োজন হবে না।
ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা তুলনামূলক সহজে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিতে পারবেন। বিশেষ করে যেসব অনলাইন ব্যবসায়ী এতদিন শুধু পেমেন্ট ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে মেটার বিজ্ঞাপন সুবিধা নিতে পারতেন না, তাদের জন্য এটি নতুন সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে বিকাশের মাধ্যমে মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধের নতুন সুবিধার পাশাপাশি বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা খাতে ডিজিটাল টুলস ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভূমিকা নিয়েও একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশে ১৪০ মিলিয়ন মোবাইল ব্যবহারকারীর মধ্যে প্রায় ৫০ শতাংশ বা ৭০ মিলিয়ন মানুষের কাছে স্মার্টফোন রয়েছে। ফলে আরও প্রায় ৭০ মিলিয়ন মানুষ এখনো ডেটা ফোনের সুবিধার বাইরে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, এ জায়গায় বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে মেটার পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার বলেন, আরও বেশি বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা এখন অনলাইনে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছে। স্থানীয় পেমেন্ট পদ্ধতি মেটার টুল ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য হওয়ায় উদ্যোক্তারা এসব টুল ব্যবহার করে ব্যবসা গড়ে তোলা ও সম্প্রসারণের সুযোগ পাবেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি, শিল্প খাতের প্রতিনিধি এবং ক্ষুদ্র ও বেসরকারি খাতের উদ্যোক্তাসহ মোট ১৫০ জন কর্মকর্তা অংশ নেন।
নতুন পেমেন্ট সুবিধার ফলে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডিজিটাল বিজ্ঞাপন আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দেশের অনলাইন ব্যবসা সম্প্রসারণেও ভূমিকা রাখতে পারে।