• হোম > কর্পোরেট | জাতীয় | ব্যাংক > এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাকছুদুর রহমান সরকার

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাকছুদুর রহমান সরকার

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৫
  • ৮

---

 

ইবি রিপোর্ট

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার।

গতকাল বুধবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। শিক্ষাজীবনে কৃতিত্বের ধারাবাহিকতায় তিনি পরবর্তীতে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

এরপর তিনি উচ্চশিক্ষার জন্য কানাডায় যান। দেশটির ইউনিভার্সিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি পেশাগত দক্ষতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ সম্পন্ন করেন।

এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক মাকছুদুর রহমান সরকার একজন শিক্ষাবিদ, গবেষক ও প্রথিতযশা হিসাববিদ হিসেবে পরিচিত। অ্যাকাউন্টিং, ফিন্যান্স ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার গবেষণাধর্মী কাজ রয়েছে। এ পর্যন্ত তার ৩৫টির বেশি গবেষণা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এসবিএসি ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। এবার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ব্যাংকটির নীতিনির্ধারণী পর্যায়ে তার দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হলো।

ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও গবেষণাক্ষেত্রে তার দীর্ঘ একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব ও দক্ষতা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17065 ,   Print Date & Time: Friday, 11 September 2026, 11:58:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh