• হোম > আন্তর্জাতিক | এশিয়া | বিদেশ | বিশ্ব সংবাদ > চীনের কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

চীনের কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫
  • ১০

---

 

ইবি আন্তর্জাতিক ডেস্ক

চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। জাহাজটি মেরামতের জন্য চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি শিপইয়ার্ডে অবস্থান করছিল। মেরামত ও পরিদর্শনকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘটে কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে। স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। সে সময় জাহাজে মোট ৪২ জন অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের পর উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে। ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এ ছাড়া পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে আগুন কীভাবে জাহাজে ছড়িয়ে পড়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে নিখোঁজ পাঁচজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার অভিযানে শি জিনপিংয়ের নির্দেশ

দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার জন্য কেউ দায়ী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে শিপইয়ার্ডে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

‘Ocean Melody’ নামের জাহাজ

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত ছবিতে দুর্ঘটনাকবলিত জাহাজটিকে ‘Ocean Melody’ হিসেবে শনাক্ত করা হয়েছে।

জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি বিদেশি কার্গো জাহাজ। দুর্ঘটনার সময় এটি মেরামতের জন্য কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে অবস্থান করছিল।

শিপইয়ার্ডটি চীনের একটি বড় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের অধীন। সেখানে জাহাজটির মেরামত ও পরিদর্শনকাজ চলার সময়ই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17043 ,   Print Date & Time: Thursday, 10 September 2026, 02:32:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh