• হোম > দেশজুড়ে > দুই দিন পর সাগর থেকে জীবিত উদ্ধার নিখোঁজ জেলে

দুই দিন পর সাগর থেকে জীবিত উদ্ধার নিখোঁজ জেলে

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৫
  • ৭

---

ইবি রিপোর্ট

বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া জেলে শাহীন মিয়াকে দুই দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।

জেলেরা জানান গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সাগরে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন শাহীন। পরে বুধবার রাত ১০টার পর পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির কার্যালয়ে তাকে নিয়ে আসেন উদ্ধারকারী জেলেরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, শাহীনকে অসুস্থ অবস্থায় পাওয়ার পর দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদ্ধারের পর শাহীন জানান, সোমবার দিবাগত রাতে পাথরঘাটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের গাঙ্গের আইনের কাছে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে তিনি ট্রলার থেকে ছিটকে সাগরে পড়ে যান। পরে একটি মাছ ধরার ফ্লোট ধরে সাগরে ভাসতে থাকেন। প্রায় ছয় ঘণ্টা পর ওই পথে যাতায়াতকারী রুহিতা গ্রামের এফবি মরিয়ম ট্রলারের জেলেরা তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বুধবার রাত ১০টার দিকে পাথরঘাটায় নিয়ে আসা হয়।

উদ্ধারকারী জেলেরা জানান, ট্রলারে তোলার পর শাহীন বারবার সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। এ কারণে পাথরঘাটায় পৌঁছানো পর্যন্ত তাকে দড়ি দিয়ে ট্রলারের সঙ্গে বেঁধে রাখা হয়।

এর আগে সোমবার রাতে চরদুয়ানি ইউনিয়নের ফুল মিয়ার মালিকানাধীন মাছ ধরার ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন শাহীন। তাকে উদ্ধারে ট্রলার মালিক পক্ষ ও জেলে সমিতির উদ্যোগে একাধিক ট্রলার সাগরে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলার ও জেলে নিখোঁজ হলে সরকারি উদ্যোগে তাদের দ্রুত উদ্ধারের জন্য টেকসই ও দ্রুতগামী একটি যান্ত্রিক নৌযান থাকা প্রয়োজন। এতে জেলেদের কোনো সমস্যা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে এবং মৃত্যুর সংখ্যা কমানো যাবে।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাখাল বিশ্বাস জানান, দীর্ঘ সময় সাগরে ভাসমান থাকার কারণে ভয়ে পেয়ে শাহিন মিয় মানসিক ভারসাম্য কিছুটা হারিয়েছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলিম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17041 ,   Print Date & Time: Thursday, 10 September 2026, 01:58:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh