• হোম > জাতীয় | বাংলাদেশ | রাজনীতি | সারাদেশ > র‌্যাব আইন নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আপত্তি

র‌্যাব আইন নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আপত্তি

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫
  • ৮

---

 

ইবি রিপোর্ট

র‌্যাব বিলুপ্ত করে নতুন নামে একই ধরনের বাহিনী গঠন করা হলে তা জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রস্তাবিত আইনটি কোনো অবস্থাতেই পাস না করে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী সরকারি বিলটি স্থায়ী কমিটির সুপারিশ বিবেচনার জন্য উত্থাপিত হলে এর ওপর বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিলটি নিয়ে বিরোধী দল সাতটি আপত্তি জানিয়েছিল।

বিরোধীদলীয় নেতা বলেন, এই বিলটি জাতীয় জীবনের অন্য সাধারণ বিলগুলোর মতো নয়। র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের অভিজ্ঞতার বড় একটি অংশ সুখকর নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বাহিনীটির কিছু ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিষয়টি দেশ-বিদেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শফিকুর রহমান বলেন, সংসদে উপস্থিত অনেকেই র‌্যাবের কর্মকাণ্ডের কারণে ভুক্তভোগী হয়েছেন। তিনি নিজেও ভুক্তভোগী বলে উল্লেখ করেন। একই সঙ্গে র‌্যাবের হাতে নিহত ও গুমের শিকার ব্যক্তিদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অনেকে জীবন হারিয়েছেন, আবার অনেকে নিখোঁজ হয়ে কোথায় আছেন, সেটিও জানা যায়নি।

এ প্রসঙ্গে সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের কথা উল্লেখ করেন তিনি। গুমের শিকার হওয়ার পর ফিরে এসে মীর আহমদ বিন কাসেম বর্তমানে সংসদ সদস্য হয়েছেন বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা।

এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারজিয়া বেগমের স্বামী, বিশিষ্ট চিকিৎসক ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত একজন ব্যক্তির প্রসঙ্গও তুলে ধরেন শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ওই চিকিৎসককে রাতের বেলা শয়নকক্ষ থেকে তুলে নিয়ে ছাদে নেওয়া হয় এবং সেখানে অমানবিক নির্যাতনের পর তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়।

তিনি বলেন, পরিবারের সদস্যরা নিজেদের চোখের সামনে ওই ব্যক্তির করুণ পরিণতি প্রত্যক্ষ করেছেন। এমন ঘটনা শুনে হৃদয় ভেঙে যায় বলেও মন্তব্য করেন তিনি।

‘র‌্যাব বিলুপ্তির দাবি ছিল, নতুন বাহিনী গঠনের নয়’

র‌্যাব বিলুপ্তির দাবির প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এই বাহিনী বিলুপ্ত করার দাবি ছিল বিভিন্ন মহলের। দেশ-বিদেশের মানবাধিকার সংস্থাগুলোও এ বিষয়ে কথা বলেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বিভিন্ন সময়ে র‌্যাব বিলুপ্তির বিষয়ে কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি।

তবে র‌্যাব বিলুপ্ত করে নতুন নামে একই ধরনের বাহিনী গঠনের দাবি কারও ছিল না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, বর্তমানে সরকারি উদ্যোগে একই ধরনের আরেকটি বাহিনী গঠনের প্রস্তাব আনা হয়েছে। তার দাবি, নাম পরিবর্তন ছাড়া বাহিনীর কাঠামো ও অন্যান্য মৌলিক বিষয়গুলোতে বড় কোনো পরিবর্তন করা হয়নি।

‘শুধু নাম বদলেছে, সবকিছু আগের মতোই’

প্রস্তাবিত বাহিনী সম্পর্কে শফিকুর রহমান বলেন, র‌্যাবের বিদ্যমান স্থাপনা, লজিস্টিক ও জনবল একই জায়গায় রেখে নতুন নামে বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে এটি প্রকৃত অর্থে কোনো পরিবর্তন নয় বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, একই লোকজনকে একই ব্যবস্থার মধ্যে রেখে শুধু নাম পরিবর্তন করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তিনি বলেন, ‘শুধু একটা নাম বদলায়, আরেকটা নাম আসে।’

বিরোধীদলীয় নেতা বলেন, এ ধরনের ব্যবস্থা জাতি স্বাভাবিকভাবে নেবে না।

সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ

বিলটি নিয়ে আলোচনা চলার সময় সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথাও সংসদে তুলে ধরেন শফিকুর রহমান।

তিনি বলেন, প্রায় পাঁচ দিন আগে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রীর বাসায় তাকে তুলে নেওয়ার জন্য একটি বাহিনী গিয়েছিল। এ সময় তিনি প্রশ্ন তোলেন, সেখানে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল কি না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে না গেলে ওই নারীকে নিয়ে যাওয়া হতে পারত বলেও দাবি করেন তিনি।

তবে ওই নারী কোনো সামাজিক অপরাধ করেছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও স্পষ্ট করেন। তার মতে, এমন ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে।

‘মৌলিক জায়গায় কোনো পরিবর্তন হয়নি’

বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছেন জানিয়ে শফিকুর রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে স্থায়ী কমিটিতে দেওয়া নোট অব ডিসেন্টও তিনি দেখেছেন।

বিলটিতে কিছু পরিবর্তন ও বাধ্যবাধকতা যুক্ত করা হলেও মৌলিক জায়গায় বড় কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, একটি বাহিনী যদি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত নিজেই করে, তাহলে সেখানে প্রকৃত জবাবদিহি নিশ্চিত করা কঠিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অপরাধ আমি তদন্ত করব। এই হচ্ছে আমাদের অবস্থা।’

‘আরও গভীরভাবে চিন্তা করা দরকার’

সরকারের প্রতি বিলটি বর্তমান অধিবেশনে পাস না করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আরও আলোচনা করা প্রয়োজন।

তিনি বলেন, কেন এমন একটি বিশেষায়িত বাহিনী প্রয়োজন, তার যথার্থতা আরও পরিষ্কার করতে হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এমন একটি কাঠামো তৈরি করতে হবে, যাতে জনগণও বুঝতে পারে যে দেশের জন্য সত্যিই এ ধরনের একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে।

শফিকুর রহমান বলেন, অন্যথায় গোটা জাতি বিষয়টিকে স্বাভাবিকভাবে নেবে না।

‘বিশ্ব সম্প্রদায়ের দাবিও পূরণ হবে না’

র‌্যাবের নতুন নামে একই ধরনের বাহিনী গঠন করা হলে আন্তর্জাতিক মহলের উদ্বেগও দূর হবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় র‌্যাবের বিষয়ে যেসব আপত্তি ও দাবি জানিয়েছিল, নতুন নামে একই ধরনের বাহিনী গঠন করলে সেসব দাবি পূরণ হবে না। বরং এতে বাংলাদেশ আগের অবস্থার মতোই কলঙ্কিত অবস্থায় থেকে যাবে বলে মন্তব্য করেন তিনি।

বিলটি প্রত্যাহারের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের অনুভূতি ও বাস্তব অভিব্যক্তির প্রতি সম্মান দেখিয়ে সরকারকে আইনটি ফিরিয়ে নেওয়া উচিত।

তিনি বলেন, বৃহত্তর স্বার্থে সরকার যদি বিষয়টি পুনর্বিবেচনা করে, তাহলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিন্তাভাবনা ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুনভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17035 ,   Print Date & Time: Thursday, 10 September 2026, 01:46:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh