
ইবি রিপোর্ট
আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক দুই প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড ও ভিটল এশিয়া পিটিই লিমিটেড। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি পৃথক প্রস্তাব দিয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠান দুটির প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। কমিটি তাদের প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যের বিষয়ে কোম্পানি দুটির সঙ্গে আলোচনা করে পাওয়া দর পরবর্তী সভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছে।
কমিটিতে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, ট্রাফিগুরা পিটিই লিমিটেড ২,২০,০০০ থেকে ২,৫০,০০০ টন ডিজেল এবং ৫০,০০০ টন জেট এ-১ তেল সরবরাহ করতে আগ্রহী। প্রস্তাবিত দর অনুযায়ী এতে ব্যয় হবে ৪,৮০৩ কোটি টাকা।
অন্যদিকে ভিটল এশিয়া পিটিই লিমিটেড ২,০০,০০০ থেকে ২,৩০,০০০ টন ডিজেল এবং ৪০,০০০ টন জেট এ-১ তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪,৩২৬ কোটি টাকা।
তবে প্রতিষ্ঠান দুটি পৃথকভাবে ডিজেল ও জেট এ-১ তেলের জন্য কত দাম প্রস্তাব করেছে, তা জানা যায়নি।