• হোম > দেশজুড়ে > পেঁয়াজে কালো দাগ, খাওয়ার আগে যা জানা দরকার

পেঁয়াজে কালো দাগ, খাওয়ার আগে যা জানা দরকার

  • বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬
  • ১১

---

ইবি রিপোর্ট

রান্নার প্রস্তুতির সময় পেঁয়াজের গায়ে কালো দাগ বা কালচে আস্তরণ দেখা গেলে অনেকেই সেটিকে সাধারণ ময়লা ভেবে ধুয়ে ফেলেন। কেউ আবার দাগযুক্ত অংশ কেটে বাদ দিয়ে বাকি অংশ রান্নায় ব্যবহার করেন। কিন্তু সব ক্ষেত্রে এই কালো দাগ ময়লা নাও হতে পারে। এটি ছত্রাকের বৃদ্ধির কারণেও তৈরি হতে পারে। আর সংক্রমণ ছড়িয়ে পড়লে শুধু আক্রান্ত অংশ বাদ দেওয়া যথেষ্ট নাও হতে পারে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের খাদ্য নিরাপত্তা ও পরিদর্শন পরিষেবা (USDA-FSIS) জানিয়েছে, খাবারে জন্মানো মোল্ড বা ছত্রাক হলো অতি ক্ষুদ্র ছত্রাকজাত জীব। এসব জীব বিভিন্ন উদ্ভিদ ও প্রাণিজ খাদ্যে বেড়ে উঠতে পারে।

পেঁয়াজের গায়ে কালো আবরণ বা দাগ দেখা দেওয়ার পেছনেও ছত্রাকের বৃদ্ধি থাকতে পারে। ছত্রাকের সূক্ষ্ম তন্তুর মতো গঠন থেকে স্পোর তৈরি হয়। এসব ক্ষুদ্র কণা বাতাস, পানি কিংবা পোকামাকড়ের মাধ্যমে আশপাশের অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ফলে বাইরে থেকে যে অংশটুকুতে কালো দাগ দেখা যাচ্ছে, ছত্রাকের বিস্তার কেবল সেখানেই সীমাবদ্ধ থাকবে—এমন নিশ্চয়তা নেই।

অনেকেই আক্রান্ত অংশ কেটে ফেলে পেঁয়াজের বাকি অংশ খেয়ে থাকেন। কিন্তু ছত্রাকের সূক্ষ্ম, শিকড়ের মতো তন্তু খাবারের ভেতরেও প্রবেশ করতে পারে। এসব তন্তু সবসময় খালি চোখে দেখা যায় না। বিশেষ করে পেঁয়াজের বড় অংশে সংক্রমণ ছড়িয়ে পড়লে শুধু ওপরের দাগ ঘষে বা কেটে ফেলে অবশিষ্ট অংশ খাওয়া নিরাপদ নাও হতে পারে।

USDA-FSIS-এর পরামর্শ অনুযায়ী, পেঁয়াজে ছত্রাকের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটি পরিষ্কার করে খাওয়ার চেষ্টা না করে ফেলে দেওয়াই নিরাপদ। কারণ ছত্রাকের স্পোর কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে।

এ ধরনের পেঁয়াজ নাকের কাছে নিয়ে গন্ধ শোঁকাও এড়িয়ে চলতে বলা হয়েছে। এতে ছত্রাকের স্পোর বাতাসের সঙ্গে শ্বাসনালিতে প্রবেশ করতে পারে।

পেঁয়াজ সঠিক পরিবেশে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। তবে অতিরিক্ত উষ্ণতা ও আর্দ্রতা ছত্রাকের বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। তাই পেঁয়াজ সংরক্ষণের জায়গা শুকনো, পরিষ্কার এবং পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন হওয়া উচিত।

একটি পেঁয়াজে ছত্রাক দেখা দিলে আশপাশে থাকা অন্য পেঁয়াজ ও খাদ্যসামগ্রীও পরীক্ষা করে দেখা দরকার। সংস্পর্শের মাধ্যমে ছত্রাক অন্য খাবারেও ছড়িয়ে পড়তে পারে।

তাই পেঁয়াজে কালো দাগ দেখা গেলেই সেটিকে ময়লা ধরে নেওয়া ঠিক নয়। দাগটি ছত্রাকের কারণে হলে এবং সংক্রমণ পেঁয়াজের বড় অংশে ছড়িয়ে পড়লে ঝুঁকি না নিয়ে পুরো পেঁয়াজ ফেলে দেওয়াই নিরাপদ সিদ্ধান্ত।

সূত্র: হিন্দুস্তান টাইমস


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16913 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 08:44:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh