• হোম > আন্তর্জাতিক | বিদেশ | বিশ্ব সংবাদ > ইরান থেকে ছোড়া ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জর্ডানের

ইরান থেকে ছোড়া ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জর্ডানের

  • বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪
  • ৬

---

ইবি স্পোর্টস ডেস্ক 

ইরান থেকে সেদেশের ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষিপ্ত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সশস্ত্র বাহিনী। বুধবার (৯ সেপ্টেম্বর) জর্ডানের সরকারি বার্তা সংস্থা পেট্রার বরাতে সামরিক বাহিনীর এক মুখপাত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোট ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি মাঝআকাশে ধ্বংস করা সম্ভব হলেও বাকি দুটি জনমানবহীন ফাঁকা স্থানে এসে পড়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং স্প্লিন্টার বা ধ্বংসাবশেষ পড়া এলাকাগুলো নিরাপদ করতে বিশেষায়িত দল কাজ শুরু করেছে।

সেনাবাহিনী সাধারণ নাগরিকদের সন্দেহজনক বস্তু থেকে দূরে থাকার এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছে। আকাশসীমা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাডার, আগাম সতর্কবার্তা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে জর্ডান সামরিক বাহিনী।

এর আগে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে। মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই ধরনের প্রতিরোধমূলক আক্রমণ অব্যাহত থাকবে বলে জানায় তারা।

গত দুই দিনে আইআরজিসি মার্কিন যুদ্ধজাহাজে দুবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় যা লক্ষ্যভ্রষ্ট হয়। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সামরিক কমান্ড (সেন্টকম) ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংস করার পর এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16907 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 06:43:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh