• হোম > জাতীয় | দেশজুড়ে > ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও অত্যন্ত নিন্দনীয়: ডেপুটি স্পিকার

ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও অত্যন্ত নিন্দনীয়: ডেপুটি স্পিকার

  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২
  • ৬

---

ইবি রিপোর্ট

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এটা অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ। অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। এই সংসদ এবং এই জাতি বিষয়টি সম্পর্কে জানতে চায়।’

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা, শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এই ঘটনাকে ‘অমার্জনীয় ও অত্যন্ত নিন্দনীয় অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, এই অপরাধের বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে, তা পুরো জাতি জানতে চায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারের পরিবর্তে সংসদের বিশেষ ক্ষমতাবলে বিষয়টি উত্থাপন করেন বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরাত আদিব চৌধুরী।

তিনি ইতালিতে বাঁধনের ওপর হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

সংসদ সদস্য জহরাত আদিব চৌধুরী অধিবেশনে জানান, অভিনেত্রী আজমেরী হক বাঁধন একটি চলচ্চিত্র সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিতে ইতালির ভেনিসে অবস্থান করছেন। সেখানে নিজের ছোট সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে একটি পার্কে হাঁটার সময় তিনি হামলার শিকার হন। হামলাকারীরা তার ওপর কোল্ড ড্রিংকস ও পানি ছুড়ে মারে এবং অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় মৌখিকভাবে হেনস্তা করে।

সংসদ সদস্যের বক্তব্যের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এটা অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ। অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। এই সংসদ এবং এই জাতি বিষয়টি সম্পর্কে জানতে চায়।’

ডেপুটি স্পিকার আরও জানান, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ সংসদে উপস্থিত না থাকলেও, মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের কেউ সংসদে আসামাত্রই এই বিষয়ে তাদের বক্তব্য শোনা হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

হামলার কারণ উল্লেখ করে জহরাত আদিব বলেন, ‘বাঁধন জুলাই বিপ্লবে রাজপথে নেমেছিলেন এবং ২৪ জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি একজন ‘জুলাই যোদ্ধা’। শুধুমাত্র এই কারণেই প্রবাসে তাকে টার্গেট করে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। একজন নারী এবং দেশের পক্ষে অবস্থান নেওয়া একজন শিল্পীর ওপর এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ঘটনার পর হামলাকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের ঔদ্ধত্য দেখিয়েছে, তাতে স্পষ্ট যে তারা পৃথিবীর যেকোনো প্রান্তে আইন ভঙ্গ করার সাহস রাখে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এমতাবস্থায় ইতালি সরকার ও দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপ কাম্য।

উল্লেখ্য, গত মঙ্গলবার অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভেনিসে হেনস্তার শিকার হওয়ার বিষয়টি দেশবাসীকে জানান, যা পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16896 ,   Print Date & Time: Tuesday, 8 September 2026, 02:55:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh