• হোম > জাতীয় | দেশজুড়ে > র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের বিলে সংসদীয় কমিটির অনুমোদন

র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের বিলে সংসদীয় কমিটির অনুমোদন

  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫
  • ৪

---

 ইবি রিপোর্ট

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগে অনুমোদন দিয়েছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রয়োজনীয় সংশোধন এনে বিলটি জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর প্রয়োজনীয় সংশোধন এনে বিলটি জাতীয় সংসদে উপস্থাপনের বিষয়ে কমিটির সদস্যরা একমত হন।


বৈঠকে অতীতের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে অতীতে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে বিভিন্নভাবে অপব্যবহার করা হয়েছে।



তবে কমিটির সদস্যরা মনে করেন, কোনো বাহিনীর অপব্যবহারের কারণে পুরো বাহিনী বিলুপ্ত করা যথাযথ সমাধান হতে পারে না। বরং বাহিনীর দক্ষ জনবল, বিদ্যমান অবকাঠামো ও মূল্যবান সরঞ্জাম দেশের স্বার্থে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা।


একই সঙ্গে নতুন বা পুনর্গঠিত বাহিনীর সদস্যদের জন্য মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত, পেশাদারিত্ব বজায় রাখা এবং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


বৈঠকে সাম্প্রতিক সময়ে বিরোধী দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার প্রশংসা করা হয়। এ জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়।


দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।


সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন অংশ নেন।


এ ছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সেবা সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16892 ,   Print Date & Time: Tuesday, 8 September 2026, 03:01:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh