
ইবি রিপোর্ট
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন আয়োজনে নতুন নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করে ৩ (তিন) মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। আদেশের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সেন্ট্রাল ই-কমার্স সেলের ডেপুটি সেক্রেটারিকে (রেসপন্ডেন্ট নম্বর ৩) এ নির্বাচন আয়োজনের আইনি বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট ডিভশন থেকে জারি হওয়া এই আদেশের সার্টিফায়েড কপিটি ৭ সেপ্টেম্বর ডিজিবাংলাটেকডটনিউজ-এর হাতে এসেছে। এর আগ পর্যন্ত স্থগিত হওয়া ভোট নিয়ে সাধারণ সদস্যরা উদ্বিগ্ন ছিলেন।
আদেশের নথি অনুযায়ী, বিচারপতি মো. হাবিবুল গণি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৫ আগস্ট ২০২৬ তারিখে রিট পিটিশন নম্বর ১১৬০০/২০২৫ নিষ্পত্তি করে এ রায় প্রদান করেন। রিট পিটিশনটি দায়ের করেছিলেন ই-ক্যাবের ৩০৭ নম্বর সদস্য ও মাস্টার ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মালিক মো. আনোয়ার সাদাত। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড ও ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত পূর্বের আদেশ স্থগিত করেছিলেন।
রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে রিটকারি মো. আনোয়ার সাদাত বলেছেন, নির্বাচিত প্রতিনিধি না থাকায় ইক্যাবের কার্যক্রম ব্যহত হচ্ছে। তাই সদস্যদের স্বার্থে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।
সূত্রমতে, মামলার চূড়ান্ত শুনানিতে পিটিশনকারী ও রেসপন্ডেন্ট (বাণিজ্য মন্ত্রণালয়) উভয় পক্ষের আইনজীবীদের সম্মতির ভিত্তিতে আদালত রুলটি নিষ্পত্তি করেন। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৮(২)(খ) ধারার বিধান অনুসরণ করে একটি নিরপেক্ষ নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠনের মাধ্যমে ই-ক্যাবের ই-কমার্স পরিচালনা পর্ষদ নির্বাচনের আইনি পথ উন্মুক্ত করা হলো।