• হোম > আইন আদালত | জাতীয় | দেশজুড়ে > অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ভিডিও, জামিন পেলেন না কলেজছাত্র সিফাত

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ভিডিও, জামিন পেলেন না কলেজছাত্র সিফাত

  • সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯
  • ৫

---

ইবি রিপোর্ট

গাজীপুরে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র মো. আব্দুল্লাহ সিফাত ওরফে বিল্লালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ সিফাত আব্দুল্লাহর জামিন আবেদনের শুনানি হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জামিনের বিরোধিতা করেন।

পিপি আদালতে দাবি করেন, সিফাত নিষিদ্ধ সংগঠনের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা সিফাতের জামিন চেয়েছিলেন, কিন্তু আদালত আবেদনটি নামঞ্জুর করেছেন। তার দাবি, সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ বিল ও জ্বালানি সংকট নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে যে সমালোচনা তৈরি হয়েছে, মূল এজাহারে সে বিষয়ে কোনো উল্লেখ নেই। এমনকি শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও বিষয়টি উত্থাপন করেননি।

আইনজীবী রবি আরও বলেন, মূলত ৪ জুনের একটি পুরোনো মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই তাকে এ মামলায় জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জামিনের বিরোধিতা করে বলেন, গ্রেপ্তার সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি দাবি করেন, পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে সিফাত ৫ আগস্টের আগ থেকেই কাজ করে আসছেন এবং এখনও তা অব্যাহত রেখেছেন।

পুলিশ জানিয়েছে, সিফাত তার ফেসবুক আইডিতে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তার হাতে দুটি বিদ্যুৎ বিলের কাগজ দেখা যায়। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘অশালীন’ গালিগালাজ করেন বলে পুলিশের দাবি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের গাছা থানা পুলিশ তাকে আটক করে।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি ওই এলাকার সিকান্দর আলীর ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সিফাত তার বাড়িতে অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে বলে দাবি করেন। পরে বিষয়টি তদন্ত করে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তবে তদন্তে বিলে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আহসান কবীর জানান, সিফাতের অতিরিক্ত বিলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা সরেজমিনে গিয়ে বিস্তারিত তদন্ত করেছেন। গ্রাহকের বিল তৈরিতে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি এবং অতিরিক্ত বিলও করা হয়নি বলে জানান তিনি।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাত আব্দুল্লাহর গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকৈর টিনের মসজিদ এলাকার দোতলা বাড়িতে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে।

তদন্তে মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসের হিসাব পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, জুলাই ও আগস্ট মাসে তার তিনটি মিটারে মোট ১০ হাজার ৬৮১ টাকা বিল এসেছে। সিফাত তার ভিডিওতে যে ১০ হাজার টাকার বিলের কথা দাবি করেছিলেন, সেটির সঙ্গে এই হিসাবের মিল রয়েছে। তদন্তে কোনো হিসাবের গরমিল বা অনিয়ম পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এর বিপরীতে সর্বমোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

তবে তদন্ত প্রতিবেদনের ধরন নিয়ে ভিন্নমত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাছের খান। তিনি বলেন, দুই মাসের প্রকৃত বিলে কোনো গরমিল না থাকলেও চার মাসের হিসাব একসঙ্গে প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তার মতে, এর মাধ্যমে সিফাতের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।

এদিকে সিফাতের বক্তব্যের প্রতিবাদে রবিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর ও টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বক্তারা বলেন, নাগরিক সমস্যা কিংবা বিদ্যুৎ বিল নিয়ে কোনো অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় জানানো যেতে পারে। তবে দেশের কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব বা প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করা গ্রহণযোগ্য নয়।

পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাতের বিরুদ্ধে আলাদা কোনো মানহানির মামলা করা হয়নি। বরং ৪ জুনের একটি পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে গত শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, সিফাতের বক্তব্যের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে তার কথাবার্তা ও বিভিন্ন তথ্য যাচাই করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশের কাছে তথ্য এসেছে।

তিনি আরও জানান, তদন্তে বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল আয়োজন ও সংগঠিত করার সঙ্গে সিফাতের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রকৃত বিষয় উদঘাটনে পুলিশ জোর তদন্ত চালিয়ে যাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16806 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 09:16:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh