
ইবি রিপোর্ট
শীর্ষ পদে কয়েক মাস ধরে চলা রদবদলের পর অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে এই পদে নিয়োগ দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) বর্তমান সদস্য রফিকুল ইসলামকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করে প্রেষণে বিপিসির চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে তাকে অতিরিক্ত সচিব হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশ দেওয়া হয়েছিল। সরকার এখন সেই পদায়ন বাতিল করে তাকে বিপিসির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-ই-আলম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিপিসিতে ঘন ঘন রদবদল
বছরের শুরু থেকেই বিপিসির শীর্ষ পদে কয়েক দফা পরিবর্তনের পর রফিকুল ইসলাম এই দায়িত্ব নিচ্ছেন।
গত ২৯ জানুয়ারি সরকার বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. আমিন-উল-আহসানকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করে।
এরপর ১ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে বিপিসি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এর এক দিন পর, ২ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
তবে দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাস পর, গত ২৬ জুলাই রেজানুর রহমানকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। সরকার তার এই বদলির কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি।
তাকে সরিয়ে দেওয়ার পর ২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে বিপিসি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
প্রায় এক সপ্তাহ পদটি শূন্য থাকার পর গত ১২ আগস্ট অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার অন্তর্বর্তীকালীন ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পর নতুন এই নিয়োগের মাধ্যমে রফিকুল ইসলাম বিপিসির পূর্ণকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন।
কে এই রফিকুল ইসলাম
মো. রফিকুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৮তম ব্যাচের কর্মকর্তা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। পরে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে রসায়নে এমফিল ডিগ্রি লাভ করেন।
২০০৪ সালে তিনি জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয় থেকে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় ন্যানোটেকনোলজিতে পোস্টডক্টরাল গবেষক ও গবেষণা অধ্যাপক হিসেবে কাজ করেন।
রফিকুল ইসলাম ১৯৯৯ সালে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) সহকারী পরিচালক হিসেবে সরকারি কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে তিনি বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিদ্যুৎ বিভাগে সহকারী প্রধান এবং ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সিনিয়র সহকারী প্রধান হিসেবে কাজ করেছেন। এরপর ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে উপসচিব পদে দায়িত্ব পালন করেন।
২০২০ থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত তিনি এই বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের এপ্রিলে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান এবং ওই বছরের সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন।
২০২৪ সালের অক্টোবর থেকে তিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদায় বিইপিআরসি-র সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে রফিকুল ইসলাম ছয় ম্যাস হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
তার এই নিয়োগ এমন এক সময়ে হলো যখন পেট্রোলিয়াম পণ্য আমদানি, মজুত ও বিতরণের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থাটি চ্যালেঞ্জিং সময় পার করছে। বর্তমানে বিপিসিকে দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি ক্রয় ব্যবস্থা, মূল্য নির্ধারণ ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মতো বিষয়গুলো সামলাতে হচ্ছে।