• হোম > খেলা | বিশ্ব সংবাদ > ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

  • সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮
  • ৫

---

ইবি স্পোর্টস ডেস্ক 

লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। লামিনে ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এতে টানা চতুর্থ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো হ্যান্সি ফ্লিকের দল। 

রোববার (৬ সেপ্টেম্বর) মেস্তায়ায় ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের খাতা খোলেন ইয়ামাল। ফারমিন লোপেজের অসাধারণ লব পাস পেয়ে ভ্যালেন্সিয়ার রক্ষণ ভেঙে বক্সে ঢুকে দারুণ এক চিপে বল জালে পাঠান ১৯ বছর বয়সী এই তারকা।

এরপর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন। অ্যান্থনি গর্ডনের পাস থেকে পাওয়া সুযোগ ঠান্ডা মাথায় কাজে লাগান তিনি। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে ফারমিনের বাড়ানো পাস থেকে বল জালে পাঠান রাফিনিয়া। চলতি মৌসুমের এটি এই ব্রাজিলিয়ানের ষষ্ঠ গোল। এরপর ৬৬ মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ পাসিং কম্বিনেশনের পর বার্সার চতুর্থ গোলটি করেন পেদ্রি।

শেষ দিকে বার্সার হয়ে অভিষেক হয় নতুন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের। ম্যাচের ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইয়ামাল। এতে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৪ ম্যাচে এখনো কোনো জয় না পাওয়া ভ্যালেন্সিয়া আছে ২০ নম্বরে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16786 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 07:19:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh