• হোম > বিদেশ | বিশ্ব সংবাদ > হুথিদের সামরিক ঘাঁটিতে ইয়েমেনি সেনাবাহিনীর হামলা

হুথিদের সামরিক ঘাঁটিতে ইয়েমেনি সেনাবাহিনীর হামলা

  • রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪
  • ১৫

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

 ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হুথিদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ হামলায় ঘাঁটিটির সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে  ইয়েমেনি বাহিনী। 

রোববার (৬ সেপ্টেম্বর) ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি বলেন, আল-লাবানাত সামরিক শিবিরকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এতে সম্প্রতি বিশেষ ধরনের সামরিক সক্ষমতা কাজে লাগানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, হামলায় হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে এবং বেশ কয়েকজন সদস্যকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

ইয়েমেনে প্রায় ১২ বছর ধরে চলা সংঘাতের পর ২০২২ সালের এপ্রিল থেকে তুলনামূলকভাবে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। ওই সংঘাতে সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথিদের লড়াই চলে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করে নেয় এবং দেশের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

তবে ২০২৩ সালের শেষ দিকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আঞ্চলিক সংঘাতে হুথিদের সক্রিয়তা বেড়ে যায়। তারা ইসরাইলে হামলা চালানোর পাশাপাশি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে।

সম্প্রতি ইয়েমেনে আবারও সংঘাত বেড়ে যাওয়ায় দেশটিতে পূর্ণমাত্রার যুদ্ধ ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16742 ,   Print Date & Time: Sunday, 6 September 2026, 08:05:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh