
ই-বাংলাদেশ ডেস্ক
সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তান রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়।
উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক দিন আগেই ওই তিনজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এটি হত্যাকাণ্ড কি না, নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। তদন্তের পরই তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।