• হোম > বাংলাদেশ | রাজনীতি | সারাদেশ > বিএনপিকে নিয়ে মানুষের ক্ষোভের কথা বললেন অলি

বিএনপিকে নিয়ে মানুষের ক্ষোভের কথা বললেন অলি

  • শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪
  • ৬

---

ই-বাংলাদেশ ডেস্ক

‘আর কখনও বিএনপিকে ভোট দেব না’—মানুষের মুখে এমন কথা শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

কর্নেল অলি আহমদ বলেন, তাঁর বয়স এখন ৮৮ বছর। এতদিনের রাজনৈতিক জীবনে কোনো সরকার গঠনের পরপরই মানুষকে ‘এই সরকার টিকবে না’—এমন কথা বলতে শোনেননি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষের মুখে এমন মন্তব্য শোনা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে অলি আহমদ বলেন, ভোরে এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে এই কর্মসূচির প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও জাগ্রত করার চেষ্টা করা প্রয়োজন। এ সময় বিএনপির নেতাকর্মীরা দেরিতে ঘুম থেকে ওঠেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাদের বক্তব্য নিয়ে প্রশ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরোনো বক্তব্যের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, একসময় তিনি ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাড়’—এমন বক্তব্য দিতেন। এখন তাঁর অবস্থান কী, সে প্রশ্নও তোলেন এলডিপি সভাপতি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অলি আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার অনুরোধে একসময় সালাহউদ্দিন আহমদকে তিনি নিজের এলাকায় নিয়ে গিয়েছিলেন। এ সময় তাকে ‘শিলং সালাহউদ্দিন’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ একসময় কোরআন-সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিলেন উল্লেখ করে অলি আহমদ প্রশ্ন করেন, তিনি এখনো সেই অবস্থানে আছেন কি না।

সৎ ও ঈমানদার নেতৃত্বের আহ্বান

দেশ পরিচালনায় সৎ ও ঈমানদার মানুষদের দায়িত্ব দেওয়ার ওপর জোর দেন অলি আহমদ। তিনি বলেন, বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ পরিচালনা করা যাবে না।

তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের আন্দোলন ইতোমধ্যে প্রথম ধাপ অতিক্রম করে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। সরকার তাদের দাবিগুলো মেনে না নিলে আইনানুগভাবেই দাবি আদায়ের চেষ্টা করা হবে।

অলি আহমদ বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই লংমার্চ আয়োজন করা হয়েছে। কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

বাধা দিলে কঠোর মোকাবিলার হুঁশিয়ারি

লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে উল্লেখ করে অলি আহমদ বলেন, তারা সন্ত্রাসী নন। কোরআন ও সুন্নাহ অনুসরণ করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান।

তবে কর্মসূচির পথে কেউ বাধা সৃষ্টি করলে তা মোকাবিলার হুঁশিয়ারিও দেন তিনি। তাঁর ভাষায়, লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা কোনো খাবারের আয়োজনের জন্য চট্টগ্রামের উদ্দেশে রওনা হননি; জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই শাপলা চত্বর এলাকায় জোটের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর যাত্রা শুরু করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16632 ,   Print Date & Time: Saturday, 5 September 2026, 06:44:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh