
ইবি ডেস্ক রিপোর্ট
স্মার্টফোনের ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গাড়ির ক্ষয়ক্ষতি শনাক্ত করার প্রযুক্তি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ সেলফ ইন্সপেকশন। এবার প্রতিষ্ঠানটির সম্প্রসারণে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগের নেতৃত্ব দিয়েছেন মেটার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।
সান দিয়েগোভিত্তিক প্রতিষ্ঠানটির সর্বশেষ বিনিয়োগ পর্বে স্যান্ডবার্গের পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান স্যান্ডবার্গ বার্নথাল ভেঞ্চার পার্টনার্স নেতৃত্ব দেয়। এতে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে টায়ার পরিবেশক ইউএস অটোফোর্স এবং গাড়ি অর্থায়নকারী প্রতিষ্ঠান ওয়েস্টলেক ফাইন্যান্সিয়াল।
এ ছাড়া সাবেক টেসলা প্রেসিডেন্ট জন ম্যাকনিলের নেতৃত্বাধীন ডিভিএক্স ভেঞ্চারস এবং প্রাথমিক পর্যায়ের বিনিয়োগকারী কোস্টানোয়া ভেঞ্চারস, রেবেলিয়ন ভেঞ্চারস ও ব্রাইটক্যাপ ভেঞ্চারসও এ বিনিয়োগ পর্বে অংশ নিয়েছে।
২০২১ সালে প্রতিষ্ঠিত সেলফ ইন্সপেকশন মূলত গাড়ি ভাড়া দেওয়া প্রতিষ্ঠান, গাড়ি অর্থায়নকারী, নিলাম প্রতিষ্ঠান ও অনলাইন মার্কেটপ্লেসের মতো প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সফটওয়্যার তৈরি করে।
প্রতিষ্ঠানটির প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীকে একটি লিংক পাঠিয়ে গাড়ির বিভিন্ন অংশের ছবি তোলা যায়। ছবি তোলার সময় ব্যবহারকারীকে প্রয়োজনীয় নির্দেশনাও দেয় প্ল্যাটফর্মটি। পরে সংগৃহীত ছবিগুলো গাড়ির ক্ষতিগ্রস্ত অংশের বিশাল তথ্যভান্ডারের সঙ্গে বিশ্লেষণ করে ক্ষয়ক্ষতির ধরন নির্ণয় করা হয়।
এর ভিত্তিতে তৈরি করা হয় বিস্তারিত পরিদর্শন প্রতিবেদন। এতে গাড়ি মেরামতে কত শ্রম প্রয়োজন, যন্ত্রাংশের সম্ভাব্য খরচ এবং মোট মেরামত ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।
সেলফ ইন্সপেকশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তাদের প্রযুক্তি ব্যবহার করে ১০ লাখের বেশি গাড়ি পরিদর্শন করা হয়েছে। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য গ্রাহকদের মধ্যে রয়েছে স্টেলান্টিসের আর্থিক সেবা বিভাগ।
কোম্পানিটি বলছে, তাদের প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকেরা এখন পর্যন্ত ৮ কোটি ডলারের বেশি খরচ কমাতে পেরেছেন। পাশাপাশি ৩ লাখের বেশি ঘণ্টা পরিচালন সময় সাশ্রয় হয়েছে।
নতুন পাওয়া ১০ মিলিয়ন ডলারের অর্থ দিয়ে প্রযুক্তি ও নতুন পণ্য উন্নয়ন, প্রাতিষ্ঠানিক গ্রাহকের সংখ্যা বাড়ানো এবং ইউরোপের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে সেলফ ইন্সপেকশন।
স্মার্টফোনের ক্যামেরা ও এআই ব্যবহার করে গাড়ি পরিদর্শনের মতো একটি প্রচলিত প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন বিনিয়োগের ফলে এ প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে