• হোম > বিনোদন | বিশ্ব সংবাদ > ৯ দিনে বিশ্বজুড়ে ৪২৬ কোটি আয় ‘টক্সিক’-এর

৯ দিনে বিশ্বজুড়ে ৪২৬ কোটি আয় ‘টক্সিক’-এর

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২১
  • ৭

---

ই-বাংলাদেশ ডেস্ক

কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা অভিনেতা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও বক্স অফিসে সিনেমাটির যাত্রা বেশ শক্তিশালী। মুক্তির নবম দিন পর্যন্ত বিশ্বব্যাপী কয়েক শ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ মুক্তির আগেই নানা কারণে আলোচনায় ছিল। শুটিংপর্ব থেকে শুরু করে সিনেমার দৃশ্য, গল্পের উপস্থাপন ও চরিত্র নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়। মুক্তির পর প্রকাশিত ট্রেলারেও ছিল ব্যাপক অ্যাকশন, রোমান্স ও যশের ভিন্নধর্মী উপস্থিতি। ফলে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকেই তুঙ্গে।

গত ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার পর্দায় মুক্তি পায় ‘টক্সিক’। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া যেমন মিশ্র, তেমনি সমালোচকদের কাছ থেকেও খুব একটা ইতিবাচক সাড়া মেলেনি।

রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোজে এখন পর্যন্ত ১৭ জন সমালোচকের পর্যালোচনা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মাত্র ২৪ শতাংশ পর্যালোচনা ইতিবাচক। সমালোচকদের গড় রেটিং ১০-এর মধ্যে ৪ দশমিক ৪০। এনডিটিভির লতা শ্রীনিবাস ও দ্য টাইমস অব ইন্ডিয়ার শ্রীদেবী এস সিনেমাটিকে ৫-এর মধ্যে ৩ রেটিং দিয়েছেন। ফাস্টপোস্টের জিনিয়া ব্যানার্জি এবং বলিউড হাঙ্গামা দুটিই ৫-এর মধ্যে আড়াই রেটিং দিয়েছে।

তবে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও বক্স অফিসে ‘টক্সিক’ বেশ ভালো ব্যবসা করছে।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৫৫ দশমিক ৪ কোটি রুপি (নিট)। দ্বিতীয় দিনে ২৪ কোটি, তৃতীয় দিনে ২৬ কোটি, চতুর্থ দিনে ২৫ কোটি এবং পঞ্চম দিনে ২৩ কোটি রুপি আয় করে।

ষষ্ঠ দিনে সিনেমাটির আয় কমে দাঁড়ায় ৮ কোটি রুপিতে। সপ্তম দিনেও আয় হয় ৮ কোটি রুপি। অষ্টম দিনে ৫ দশমিক ৫ কোটি এবং নবম দিনে ৪ দশমিক ৫ কোটি রুপি আয় করে সিনেমাটি।

এই হিসাবে মুক্তির প্রথম নয় দিনে ভারতে ‘টক্সিক’-এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৩৬ কোটি রুপি (নিট)। একই সময়ে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৩৩৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩২ কোটি ২২ লাখ টাকার বেশি।

অন্যদিকে স্যাকনিল্কের হিসাবেও কাছাকাছি চিত্র পাওয়া যাচ্ছে। তাদের তথ্য অনুযায়ী, নয় দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ২৩৯ দশমিক ৩০ কোটি রুপি। বিদেশের বাজার থেকে সিনেমাটি গ্রস আয় করেছে আরও ৪২ দশমিক ৭৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৩২৮ দশমিক ৪৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪২৬ কোটি ৩২ লাখ টাকার বেশি।

সিনেমাটির বক্স অফিস সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছে এর তারকাবহুল অভিনয়শিল্পী। ‘টক্সিক’-এর কেন্দ্রীয় চরিত্র ‘রায়া’য় অভিনয় করেছেন যশ। ‘নাদিয়া’ চরিত্রে রয়েছেন কিয়ারা আদভানি। দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা অভিনয় করেছেন ‘গঙ্গা’ চরিত্রে। এ ছাড়া ‘মেলিসা’ চরিত্রে রুক্মিণী বসন্ত এবং ‘এলিজাবেথ’ চরিত্রে দেখা গেছে হুমা কুরেশিকে।

প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণ ও যশ। বড় বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং ব্যাপক প্রচারণার কারণে মুক্তির আগে থেকেই সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক বেশি।

মুক্তির পর সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে এখনো দর্শকদের আগ্রহ ধরে রাখতে পেরেছে ‘টক্সিক’। সামনে সিনেমাটি কতটা আয় করতে পারে এবং শেষ পর্যন্ত এটি বড় বাজেটের সিনেমা হিসেবে বাণিজ্যিকভাবে কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16590 ,   Print Date & Time: Friday, 4 September 2026, 12:51:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh