
ই-বাংলাদেশ ডেস্ক
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে অর্থঋণ আদালতের নিলামে সম্পত্তি কিনেছেন—এমন ক্রেতাদের ওপর ওই হারে ভ্যাট আরোপের সুযোগ থাকছে না।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন। বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়টি দেন বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।
রায়ে হাইকোর্ট বলেন, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত যে আদেশ দিয়েছিল, তা আইনগত কর্তৃত্ববহির্ভূত। একই সঙ্গে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ অভিব্যক্তির আওতায় আনার যে অংশ রয়েছে, সেটিও আইনগত কার্যকারিতাহীন বলে ঘোষণা করেছেন আদালত।
ফলে অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না। হাইকোর্টের এই সিদ্ধান্ত নিলামে সম্পত্তি কেনা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রিটকারী পক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, সংসদ কোনো সম্পত্তির বিক্রয় বা হস্তান্তরকে আইন দ্বারা ভ্যাট থেকে অব্যাহতি দিলে পরবর্তী সময়ে অধস্তন বা অর্পিত আইন প্রণয়নের মাধ্যমে ওই সম্পত্তির ওপর নতুন করে করের দায় সৃষ্টি করা যায় না।
তাদের মতে, আইনগতভাবে ভ্যাট আরোপের সুযোগ না থাকা সত্ত্বেও নিলামে কেনা স্থাবর সম্পত্তির ওপর ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের রায়ের মাধ্যমে সেই নির্দেশের আইনগত ভিত্তি আর থাকল না।
মামলায় নিলামে সম্পত্তি ক্রেতাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সাকিব মাহবুব ও অ্যাডভোকেট সাজিদ হাসান। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।
হাইকোর্টের এই রায়ের ফলে অর্থঋণ আদালতের বিচারিক নিলামে স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে ক্রেতাদের ওপর ১৫ শতাংশ ভ্যাটের যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তা আর বহাল থাকছে না। একই সঙ্গে স্থাবর সম্পত্তির নিলাম ক্রেতাদের ক্ষেত্রে ভ্যাট আরোপের আইনগত সীমা নিয়েও আদালতের অবস্থান স্পষ্ট হলো।