• হোম > ক্রাইম | জাতীয় | বাংলাদেশ | সারাদেশ > ৭ মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

৭ মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
  • ১৫

---

ই-বাংলাদেশ ডেস্ক

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পর স্থানীয় থানাগুলোর মাধ্যমে তথ্য যাচাই করে এই হিসাব দিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ শিশুদের মধ্যে ১০ থেকে ১৭ বছর বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি। এ বয়সসীমার ১৫ হাজার ২৪৩টি নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১ হাজার ৯৭০ জন।

অন্যদিকে, শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুদের নিখোঁজের ৪৭৪টি জিডি হয়েছে। এদের মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৬৮ জন শিশু।

বছরভিত্তিক তথ্যেও উদ্বেগ

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে দেশে মোট ৫৬ হাজার ৭৭২টি শিশু নিখোঁজের জিডি হয়েছে।

এর মধ্যে ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮টি এবং ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি নিখোঁজের জিডি হয়। তবে ২০২৫ সালে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৫৫০-এ।

চলতি বছরের প্রথম সাত মাসেই ১৫ হাজার ৭১৭টি জিডি হওয়ায় শিশু নিখোঁজের বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তবে পুলিশ বলছে, শুধু নিখোঁজের জিডির সংখ্যা দেখলে পুরো পরিস্থিতি বোঝা যাবে না। কারণ, অনেক শিশুকেই পরবর্তী সময়ে উদ্ধার করা সম্ভব হয়। তাই নিখোঁজের পাশাপাশি উদ্ধার হওয়া এবং এখনো নিখোঁজ থাকা শিশুদের সংখ্যাও বিবেচনায় নেওয়া জরুরি।

অনলাইন জিডিতে বেড়েছে হিসাব

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অনলাইনে সাধারণ ডায়েরি করার সুবিধা চালুর পর নিখোঁজসহ বিভিন্ন বিষয়ে জিডির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে আগের সময়ের তুলনায় বর্তমানে নিখোঁজের ঘটনা দ্রুত নথিভুক্ত হচ্ছে।

পুলিশের স্থানীয় পর্যায়ের যাচাইয়ে শিশুদের নিখোঁজ হওয়ার পেছনে বয়সভেদে ভিন্ন ভিন্ন কারণও উঠে এসেছে।

ছোট শিশুদের নিখোঁজের প্রধান কারণ

শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পথ হারিয়ে ফেলা অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। অনেক শিশু পরিবারের সদস্যদের নাম বা ঠিকানা বলতে না পারায় হারিয়ে যাওয়ার পর দ্রুত পরিবারের কাছে ফিরতে পারে না।

এ ছাড়া একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়া বা পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনাও ছোট শিশুদের নিখোঁজ হওয়ার অন্যতম কারণ।

কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ভিন্ন কারণ

১০ থেকে ১৭ বছর বয়সীদের নিখোঁজ হওয়ার পেছনে পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয় কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

এর মধ্যে অভিমান, পড়ালেখার চাপ, পারিবারিক কলহ, বন্ধু বা সহপাঠীদের প্রভাব এবং স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা অন্যতম। পাশাপাশি পরিবারের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের চেষ্টাও কিছু ক্ষেত্রে শিশু বা কিশোর-কিশোরীদের বাড়ি থেকে চলে যাওয়ার কারণ হিসেবে উঠে এসেছে।

পুলিশের এই বিশ্লেষণ বলছে, শিশু নিখোঁজের ঘটনাকে শুধু আইনশৃঙ্খলার বিষয় হিসেবে দেখলে পুরো বাস্তবতা বোঝা সম্ভব নয়। বয়স অনুযায়ী পারিবারিক পরিবেশ, মানসিক চাপ, সামাজিক সম্পর্ক এবং নিরাপত্তার বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

এখনো নিখোঁজ ২ হাজারের বেশি শিশু

চলতি বছরের প্রথম সাত মাসে নিখোঁজ হওয়া ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা গেলেও ২ হাজার ৩৮ জন এখনো নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবারের সদস্যদেরও সতর্ক ও সক্রিয় থাকার প্রয়োজন রয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিখোঁজের মোট সংখ্যা প্রকাশের পাশাপাশি কতজনকে উদ্ধার করা হয়েছে এবং কতজন এখনো নিখোঁজ—এই তিনটি তথ্য একসঙ্গে বিবেচনা করলেই পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে।

শিশু নিখোঁজের প্রতিটি ঘটনায় দ্রুত জিডি করা, সঠিক তথ্য দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16534 ,   Print Date & Time: Friday, 4 September 2026, 06:56:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh