• হোম > জাতীয় | দেশজুড়ে > পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন

  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩
  • ১৮

জহির উদ্দিন স্বপন | ফাইল ছবি

ইবি রিপোর্ট

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে এই কমিটির নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরে আলম চৌধুরী  এই প্রস্তাব পেশ করলে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির সাবেক সভাপতি আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হয়েছিল।

এছাড়া সাবেক সভাপতি আন্দালিব রহমান তথ্যমন্ত্রী হওয়ায় আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। বিএনপি সংসদ সদস্য নওশাদ জমিরকে এই কমিটির নতুন সভাপতি করা হয়েছে।

আরও কয়েকটি সংসদীয় কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কারের পর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে আবদুল ওয়ারেসকে। অন্য একটি বিশেষ কমিটিতে তাঁর জায়গায় এসেছেন জামায়াত সংসদ সদস্য নজিবুর রহমান।

---

তাছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে এনসিপি সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের স্থলাভিষিক্ত হয়েছেন জামায়াত সংসদ সদস্য রায়হান সিরাজি।

কার্যউপদেষ্টা কমিটিতে সম্প্রতি রাষ্ট্রপতি  নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলাভিষিক্ত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান।

এদিকে, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিরোধী দলীয় সদস্য আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16528 ,   Print Date & Time: Friday, 4 September 2026, 06:09:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh