• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > তরুণদের ব্যবসার ধারণা থাকলেই মিলবে ২০ লাখ, অর্ধেক ঋণ অর্ধেক অনুদান

তরুণদের ব্যবসার ধারণা থাকলেই মিলবে ২০ লাখ, অর্ধেক ঋণ অর্ধেক অনুদান

  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০২
  • ৭

---

ইবি রিপোর্ট 

ব্যবসা করার স্বপ্ন আছে, কিন্তু পুঁজি নেই—এমন তরুণদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু একটি ভালো ও বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই পাওয়া যাবে সর্বোচ্চ ২০ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ টাকা হবে ব্যাংক ঋণ, আর বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে অনুদান হিসেবে। উপজেলা পর্যায়ের সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় এ অর্থায়ন করবে তফসিলি ব্যাংকগুলো।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, সহকারী শাহরিয়ার সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কোনো প্রচলিত প্রতিযোগিতা নয়। এ কর্মসূচির আওতায় তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক ব্যবহার করে উপজেলা পর্যায়ে স্বতঃপ্রণোদিতভাবে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। পরে তাদের ব্যবসায়িক ধারণা, প্রকৃত অর্থের চাহিদা ও উদ্যোগের সম্ভাব্যতা যাচাই করে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

নির্বাচিত উদ্যোক্তারা তাদের প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। এর ৫০ শতাংশ হবে ব্যাংক ঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ। ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।

তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তর করা হবে। একইসঙ্গে ওই ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণিকৃত হবে এবং ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন। ফলে পরবর্তীতে তিনি ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।

কারা আবেদন করতে পারবেন

বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক, যাদের বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা, তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। একটি বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসায়িক উদ্যোগকে সমানভাবে বিবেচনা করা হবে। আবেদন করতে কোনো ধরনের ফি লাগবে না। সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা সংবলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার জারির পরবর্তী এক মাস আবেদন করার সুযোগ থাকবে।

প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আটটি জেলা-মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণায় এ কর্মসূচি চালু করা হবে। এসব জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচির কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে। ধারাবাহিকভাবে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শ শুধু অর্থায়ন দেওয়ার মধ্যেই ‘উদ্যোগ’ কর্মসূচির কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না।

নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের মাধ্যমে ধারাবাহিক পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, একটি সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। ফলে উপজেলা পর্যায়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ একদিকে নতুন ব্যবসা সৃষ্টিতে ভূমিকা রাখবে, অন্যদিকে কর্মসংস্থান বাড়িয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16502 ,   Print Date & Time: Thursday, 3 September 2026, 11:07:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh