• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০১
  • ১২

---

ইবি রিপোর্ট 

চুক্তি বাতিল হওয়া তিন এমডি হলেন অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের মো. কামরুজ্জামান খান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মো. জসীম উদ্দিন। 

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো–অগ্রণী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপ সচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় বিধিগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

চুক্তি বাতিল হওয়া তিন এমডি হলেন অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের মো. কামরুজ্জামান খান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মো. জসীম উদ্দিন।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এসব কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকার সুপারিশ ও সম্মতি জ্ঞাপন করেছে। এর প্রেক্ষিতে তাদের চুক্তি বাতিলের বিষয়ে পরবর্তী আইনি ও বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

ব্যাংকিং খাত সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রমে গতিশীলতা ফেরাতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। বিগত সরকারের মেয়াদে দলীয় বিবেচনায় এবং বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর সুবিধার্থে চুক্তিভিত্তিক এসব নিয়োগ দেওয়া হয়েছিল বলে নানা অভিযোগ ছিল।

বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বিডিবিএল-এর মতো রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘ দিন ধরে বিশাল অংকের খেলাপী ঋণ ও মূলধন ঘাটতিতে ভুগছে। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থাপনা পর্যায় ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16482 ,   Print Date & Time: Friday, 4 September 2026, 11:00:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh