• হোম > বিনোদন > ‘ঘরোয়া সময় মিস করব’, শুটিংয়ে ফেরার ঘোষণা রাশমিকার

‘ঘরোয়া সময় মিস করব’, শুটিংয়ে ফেরার ঘোষণা রাশমিকার

  • সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৩:০৫
  • ৮

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

শুটিং সেটে চোট পাওয়ার পর কয়েকদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। এবার সেই বিরতি কাটিয়ে আবারও শুটিং ফ্লোরে ফেরার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুস্থতার খবর জানিয়ে অনুরাগীদেরও স্বস্তির বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি ও ভিডিওর কোলাজ প্রকাশ করেন রাশমিকা। সেখানে কখনো পোষ্যের সঙ্গে সময় কাটাতে, কখনো পূজা করতে দেখা গেছে তাকে। পাশাপাশি পাজল সমাধান করা এবং বাগানবাড়ির বারান্দায় বসে রোদ পোহানোর মুহূর্তও উঠে এসেছে সেই কোলাজে।

পোস্টটির ক্যাপশনে রাশমিকা জানিয়েছেন, খুব শিগগিরই কাজে ফিরছেন তিনি। একই সঙ্গে বাড়িতে কাটানো সুন্দর সময়গুলোকে মিস করবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

শুটিংয়ে গুরুতর চোট

চলতি বছরের আগস্টের শুরুতে নিজের চোটের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন রাশমিকা। ‘মাইসা’ সিনেমার একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় নিতম্বে গুরুতর চোট পান তিনি।

অভিনেত্রী জানিয়েছিলেন, এটি তাঁর জীবনের পরপর তৃতীয় চোট। চোটের ধরন সম্পর্কে রাশমিকা বলেন, নিতম্ব থেকে পায়ের দিকে থাকা চারটি টেন্ডনের মধ্যে ডান পাশের একটি টেন্ডন ছিঁড়ে গিয়েছিল। এ কারণে চোট পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত পা ওপরে তুলতেও সমস্যায় পড়তে হচ্ছিল তাঁকে।

চোটের কারণে শুটিং থেকে সাময়িক বিরতি নিতে হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখেছেন রাশমিকা। ‘মাইসা’কে তাঁর ক্যারিয়ারের অন্যতম ‘সবচেয়ে আগ্রাসী’ সিনেমা হিসেবে উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছিলেন, নিজের ইচ্ছায় কখনো বিরতি না নেওয়ায় এই অনিচ্ছাকৃত বিরতিকেই তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন।

ঘরেই কেটেছে অবসর সময়

চোটের কারণে বাড়িতে থাকতে হলেও সময়টা নিজের মতো করেই উপভোগ করেছেন রাশমিকা। পোষ্যের সঙ্গে সময় কাটানো, পাজল সমাধান করা থেকে শুরু করে নানা ঘরোয়া কাজে ব্যস্ত ছিলেন তিনি।

শারীরিক সমস্যার কারণে নিয়মিত জিমেও যেতে পারেননি অভিনেত্রী। তাই খাবারের বিষয়েও সচেতন থাকার অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।

এবার সেই বিশ্রামের পর্ব শেষ করে কাজে ফেরার প্রস্তুতি নিয়েছেন রাশমিকা। তাঁর শুটিংয়ে ফেরার ঘোষণায় স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে।

হাতে একাধিক গুরুত্বপূর্ণ সিনেমা

চোটের কারণে সাময়িক বিরতি পড়লেও রাশমিকার হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিনেমা। এর মধ্যে অন্যতম ‘মাইসা’। গণ্ড উপজাতিদের পটভূমিতে নির্মিত আবেগঘন অ্যাকশন-থ্রিলারটিতে অভিনেত্রীকে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে রাশমিকার লুক ও চরিত্র নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাঁর চরিত্র এবং সিনেমার গল্পের ধরন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলও রয়েছে।

এ ছাড়া বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘রণাবলী’ সিনেমাতেও অভিনয় করছেন রাশমিকা। রাহুল সাংকৃত্যায়নের পরিচালনায় ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে নির্মিত এই পিরিয়ড ড্রামাতেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

‘রণাবলী’ সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে চোট কাটিয়ে রাশমিকার কাজে ফেরার ঘোষণার পর তাঁর আসন্ন সিনেমাগুলো নিয়েও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16147 ,   Print Date & Time: Monday, 31 August 2026, 09:01:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh