• হোম > বাংলাদেশ > ১০ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১০ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১৫:৩১
  • ৫৮

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী ১০ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এরপর শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রাও সামান্য কমতে পারে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে আগস্টের শেষ সময়জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, উপকূলীয় এলাকা এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। ভারি বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা ও জনদুর্ভোগ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

সব মিলিয়ে আগামী কয়েক দিন দেশের আবহাওয়ায় বৃষ্টির প্রভাবই বেশি থাকবে। বৃষ্টির কারণে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে।

 

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15946 ,   Print Date & Time: Sunday, 18 October 2026, 02:19:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh