
ই-বাংলাদেশ ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। দিবসটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পালনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানস্থলে বাড়তি নিরাপত্তা
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
নিরাপত্তা হুমকি ও ঝুঁকি পর্যালোচনা করে র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় আগে থেকেই স্কেলিটন ফোর্স প্রস্তুত রাখা হচ্ছে।
স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতা এবং নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদেরও সম্পৃক্ত করা হয়েছে।
নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি
পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠী যাতে হামলা, নাশকতা কিংবা কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া বিতর্কিত বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে র্যাব।
জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি
ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করেছে র্যাব।
বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী কোনো তথ্য, পোস্ট, মন্তব্য বা ছবি ছড়ানো হচ্ছে কি না, তা শনাক্ত করতে অনলাইন নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটগুলো সতর্ক রয়েছে।
শান্তিপূর্ণ উদযাপনের আহ্বান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র্যাব।
একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় এই গুরুত্বপূর্ণ দিবসটি যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পালিত হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।