• হোম > বাংলাদেশ > ‘আমি বাংলাদেশি, আমার বাংলাদেশিত্ব নিয়ে প্রশ্নের সুযোগ নেই

‘আমি বাংলাদেশি, আমার বাংলাদেশিত্ব নিয়ে প্রশ্নের সুযোগ নেই

  • মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০:৪১
  • ৭

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

নিজের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, তিনি বাংলাদেশি এবং তাঁর বাংলাদেশিত্ব ও দেশের প্রতি অবস্থান নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো কারণ তিনি দেখেন না।

সোমবার (২৪ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির।

নিজের নাগরিকত্ব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে বাংলাদেশ… আমি বাংলাদেশি… আমার বাংলাদেশিত্ব এবং আমার অবস্থান নিয়ে প্রশ্ন তোলার মতো কেউ আছে বলে আমি মনে করি না।’

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা নিয়ে প্রশ্ন

সাংবাদিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাগরিকত্ব নিয়ে চলমান আলোচনা এবং এ বিষয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিছুটা ক্ষোভের সঙ্গে প্রতিক্রিয়া জানান।

নেটিজেনদের আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো সিটিজেন (নাগরিকত্ব) নিয়ে এসেছি, আর আপনারা নেটিজেনদের কথা বলছেন! আমি বলি, কোন নেটিজেন? আর আমি তো সিটিজেন নিয়ে এসে কাজ করছি।’

এরপর সাংবাদিকরা তাঁকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা হচ্ছে এবং এ বিষয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। তখন হুমায়ুন কবির জানতে চান, কোন সংবাদপত্রে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তিনি প্রশ্ন করেন, ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা, কাজকর্ম বাদ দিয়া?’

পুরোনো রাজনৈতিক প্রসঙ্গ টেনে পাল্টা প্রশ্ন

আলোচনার একপর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০০৭-০৮ সালের রাজনৈতিক পরিস্থিতি এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ের প্রসঙ্গ তুলে ধরেন।

মঈনুদ্দিন আহমেদ ও ফখরুদ্দীন আহমেদের সময়ের কথা উল্লেখ করে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘মঈনুদ্দিন আহমেদ আর ফখরুদ্দীনের সেই পুরোনো বুকের জ্বালা কি আবার উঠছে?’

তবে নাগরিকত্ব নিয়ে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কোনো অতিরিক্ত তথ্য বা নথি সাংবাদিকদের সামনে তুলে ধরেননি।

দেশের স্বার্থে ঐক্যের আহ্বান

দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থে যারা অবস্থান নেন, তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ, দেশপ্রেমিক নাগরিক, গণমাধ্যম, দেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ—সবাইকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ, সকল দেশপ্রেমিক মানুষ যারা আছেন, দেশের পক্ষে যারা অবস্থান নেয়—এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।’

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে গিয়ে হুমায়ুন কবির নিজের বাংলাদেশি পরিচয় ও দেশের প্রতি অবস্থানের বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন। একই সঙ্গে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15786 ,   Print Date & Time: Tuesday, 25 August 2026, 06:03:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh