
ই-বাংলাদেশ ডেস্ক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান প্রধান বিচারপতি।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয় এবং বিচারাঙ্গনের বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে অতিরিক্ত মামলাজট, দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকটের বিষয়গুলো তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, প্রতিদিন যে পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, তার চেয়ে বেশি মামলা দায়ের হওয়ায় মামলার জট কমানো কঠিন হয়ে পড়ছে।
এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলাজট নিরসনে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার আরও প্রসার এবং কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিচারাঙ্গনের অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। সাক্ষাতে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।