
ই-বাংলাদেশ ডেস্ক
দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে দেওয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির অভিযোগ, আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নে এখন গড়িমসি করা হচ্ছে।
এক বিবৃতিতে সিজেপি বলেছে, শান্তিপূর্ণ আন্দোলন বন্ধের প্রতিশ্রুতির ভিত্তিতে রাজপথ থেকে সরে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ সরকারের নেই। তরুণ প্রজন্মের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে এবং আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।
এফআইআর বাতিলের তালিকা নিয়ে প্রশ্ন
সিজেপির দাবি, আন্দোলনে অংশ নেওয়া যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, সেগুলো বাতিলের বিষয়ে আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও সরকার এখন পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কোনো তালিকা জমা দেয়নি।
সংগঠনটি অভিযোগ করেছে, তালিকা জমা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস এবং আইনি বিষয়াবলির প্রধান রত্না সিং এক সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া অঙ্গীকারের ভিত্তিতে আন্দোলন স্থগিত করা হয়েছিল। এখন সেই অঙ্গীকার থেকে সরে যাওয়ার চেষ্টা করা হলে তা তরুণ প্রজন্মের সঙ্গে বিশ্বাসভঙ্গের শামিল হবে।
প্রতিশ্রুতি ভঙ্গ মেনে নেবে না সিজেপি
সংগঠনটি জানিয়েছে, সরকার যদি দেওয়া প্রতিশ্রুতিগুলো খাটো করে দেখা, বিলম্বিত করা, ভিন্নভাবে ব্যাখ্যা করা কিংবা অমান্য করার চেষ্টা করে, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।
সিজেপির ভাষ্য, আন্দোলন বন্ধের আগে সরকারের সঙ্গে যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও এফআইআর প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।
এ ছাড়া নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিষয়টিও সরকারের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ছিল বলে জানিয়েছে সংগঠনটি।
২৪ আগস্ট বৈঠক, আসতে পারে নতুন কর্মসূচি
সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে ২৪ আগস্ট বৈঠকে বসার ঘোষণা দিয়েছে সিজেপি। ওই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সিজেপি সারা দেশের শিক্ষার্থী, তরুণ নাগরিক, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের পরবর্তী কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।
সংগঠনটির অভিযোগ, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়ে সরকারের কোনো প্রতিনিধি এখনো তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এ কারণে পরিস্থিতি নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছে।
তিনটি মূল প্রতিশ্রুতির কথা জানিয়েছিল সিজেপি
গত ২৫ জুলাই এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলন স্থগিত করার সময় সিজেপি দাবি করেছিল, সরকার তাদের তিনটি গুরুত্বপূর্ণ দাবিতে সম্মত হয়েছে।
প্রথমত, নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ সম্ভব ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে।
দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকার এবং এনডিএ-শাসিত রাজ্য সরকারগুলোর পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা আইনি পদক্ষেপ ও এফআইআর প্রত্যাহার করা হবে। ভবিষ্যতেও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তৃতীয়ত, সিজেপির দেওয়া পাঁচ দফা পরীক্ষা সংস্কার সনদ পর্যালোচনা করে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন ও পর্যালোচনার বিষয়ে সংগঠনটির প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করার কথা ছিল।
সিজেপির দাবি, তাদের আন্দোলনের চাপেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তবে শিক্ষার্থী ও তরুণদের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবে না।
এখন ২৪ আগস্টের বৈঠকের পর সিজেপি কী কর্মসূচি ঘোষণা করে এবং কেন্দ্রীয় সরকার তাদের দাবিগুলো বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে।