
ই-বাংলাদেশ ডেস্ক
বলিউডের অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত এবং অভিনেত্রী তাপসী পান্নুর পুরোনো দ্বন্দ্ব যেন আবারও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি কঙ্গনাকে নিয়ে তাপসীর মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা। যদিও পরে নিজের দেওয়া কয়েকটি পোস্ট মুছে ফেলেছেন তিনি।
বর্তমানে নিজের নতুন নেটফ্লিক্স সিনেমা ‘গান্ধারী’-এর প্রচারে ব্যস্ত তাপসী পান্নু। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ নিয়েও কথা বলেন তিনি।
তাপসী জানান, কঙ্গনার সঙ্গে তাঁর কখনো সরাসরি দেখা হয়নি। ২০১৯ সালে তাঁদের নিয়ে বিতর্ক শুরু হওয়ার সময়ও দুই অভিনেত্রীর দেখা হয়নি। এখন পর্যন্ত সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।
তাপসীর ভাষ্য অনুযায়ী, কঙ্গনাকে নিয়ে তাঁর মতামত মূলত নিজের বেড়ে ওঠা, কথা বলার ধরন এবং বিভিন্ন বিষয়কে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রতিফলন। অন্যদিকে কঙ্গনারও তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। একজন মানুষ কোথা থেকে উঠে এসেছেন, তাঁর পারিবারিক ও সামাজিক পরিবেশ কেমন—এসব বিষয় তাঁর চিন্তাভাবনায় প্রভাব ফেলে বলেও ইঙ্গিত দেন তাপসী।
তাপসীর এই মন্তব্যই কঙ্গনাকে ক্ষুব্ধ করেছে বলে মনে করা হচ্ছে।
‘সস্তি কপি’ বলে কটাক্ষ কঙ্গনার
শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসীর নাম সরাসরি উল্লেখ না করলেও কঙ্গনা তাঁকে ইঙ্গিত করে কড়া মন্তব্য করেন। সেখানে তিনি তাপসীকে ‘সস্তি কপি’ বলে কটাক্ষ করেন।
কঙ্গনার অভিযোগ, তাপসী তাঁর নতুন বি-গ্রেড সিনেমার প্রচারে ব্যস্ত থাকলেও বরাবরের মতো তাঁর সিনেমার চেয়ে সংবাদমাধ্যমের আগ্রহ কঙ্গনা রনৌতকে ঘিরেই বেশি।
এরপর তাপসীর বিরুদ্ধে আরও ব্যক্তিগত মন্তব্য করেন কঙ্গনা। তিনি দাবি করেন, তাপসী তাঁর বেড়ে ওঠা এবং মা-বাবাকে নিয়েও উপহাস করেছেন।
কঙ্গনা বলেন, প্রত্যেক মা-বাবাই তাঁদের সন্তানদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি দাবি করেন, কোনো বিতর্কে তিনি কখনো প্রতিপক্ষের মা-বাবাকে টেনে আনেননি। তবে এবার তাপসীর মা-বাবাকে নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন তিনি।
নিজের পরিবার নিয়েও কথা কঙ্গনার
পরবর্তী একটি ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা নিজের পারিবারিক পরিচয় ও বেড়ে ওঠা নিয়েও বিস্তারিত কথা বলেন।
তিনি দাবি করেন, অনেকেই তাঁর বেড়ে ওঠা, মা-বাবা এবং পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শহরের প্রান্তিক এলাকায় ছোট ও স্যাঁতসেঁতে ভাড়া বাড়িতে বেড়ে ওঠা এবং তাঁর পারিবারিক পটভূমি নিয়ে প্রশ্ন তোলা হলেও বাস্তবে তিনি একটি পরিচিত রাজপুত জমিদার পরিবারে জন্মেছেন।
কঙ্গনা আরও দাবি করেন, তাঁর মা-বাবা শিক্ষিত ও মর্যাদাসম্পন্ন এবং তাঁদের কাছেই তিনি বেড়ে উঠেছেন। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, নিজের পছন্দেই শূন্য থেকে পথচলা শুরু করেছিলেন তিনি।
তাই তাঁর মা-বাবাকে নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন কঙ্গনা।
তবে কঙ্গনার এসব পোস্ট বেশিক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যমে থাকেনি। রোববার সকাল নাগাদ ইনস্টাগ্রাম থেকে পোস্টগুলো মুছে দেওয়া হয়।
২০১৯ সালে শুরু হয়েছিল দ্বন্দ্ব
কঙ্গনা রনৌত ও তাপসী পান্নুর বিরোধ অবশ্য নতুন কোনো ঘটনা নয়। ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।
সে সময় কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে কঙ্গনার ‘সস্তি কপি’ বা ‘সস্তা নকল’ বলে মন্তব্য করেছিলেন। এরপর থেকেই দুই অভিনেত্রীর সম্পর্ক এবং তাঁদের পারস্পরিক মন্তব্য নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়।
পরবর্তী সময়ে ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি, তারকা পরিবারের আধিপত্য এবং ‘আউটসাইডার’ বিতর্ক তীব্র হলে কঙ্গনা তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে নিয়ে কড়া মন্তব্য করেন। তাপসীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ এবং ‘নিডি আউটসাইডার’ বলেও মন্তব্য করেছিলেন কঙ্গনা।
এর জবাবও দিয়েছিলেন তাপসী। এরপর থেকে বিভিন্ন সময়ে দুই অভিনেত্রীর বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্য দিয়ে তাঁদের পুরোনো দ্বন্দ্ব আবার সামনে এসেছে।
বন্ধুত্বের ইচ্ছা জানিয়েছিলেন তাপসী
দীর্ঘদিনের এই বিরোধের মধ্যেও তাপসী একাধিকবার জানিয়েছেন, মতের অমিল থাকলেও কঙ্গনার সঙ্গে বন্ধুত্ব করতে তাঁর আপত্তি নেই।
তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই অভিনেত্রীর সম্পর্কের তিক্ততা আবারও স্পষ্ট হয়েছে। তাপসীর একটি মন্তব্যের পর কঙ্গনার ব্যক্তিগত আক্রমণ এবং পরে সেই পোস্ট মুছে ফেলার ঘটনা বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফলে পুরোনো এই দ্বন্দ্ব এবার কোন দিকে গড়ায়, সেটিই এখন দেখার বিষয়। আপাতত তাপসী তাঁর নতুন সিনেমা ‘গান্ধারী’-এর প্রচারে ব্যস্ত থাকলেও কঙ্গনার মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বেশি দেখা যাচ্ছে।