
ই-বাংলাদেশ ডেস্ক:
শনিবার থেকে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবল আসরের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। নতুন মৌসুমে দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ২০২৬-২৭ মৌসুমে প্রিমিয়ার লিগের ৩৮০টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বঙ্গ।
পুরো মৌসুমের প্রতিটি ম্যাচ সরাসরি দেখানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ও বড় ম্যাচগুলো ঘিরে বিশেষ আয়োজন এবং ওয়াচ পার্টির পরিকল্পনাও রয়েছে প্ল্যাটফর্মটির। ফলে ঘরে বসে ম্যাচ উপভোগের পাশাপাশি বিশেষ আয়োজনে অন্য সমর্থকদের সঙ্গে একসঙ্গে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
নতুন মৌসুম উপলক্ষে শনিবার (২২ আগস্ট) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে প্রেস মিট ও এক্সক্লুসিভ ওয়াচ পার্টির আয়োজন করে বঙ্গ। আয়োজনে সহযোগী হিসেবে ছিল মাইকো এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল রেডিসন ব্লু।
অনুষ্ঠানে ফুটবলপ্রেমীদের আলোচনার বড় অংশজুড়ে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় দলগুলো। বিশেষ করে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলকে ঘিরে ছিল দর্শকদের আগ্রহ। নতুন মৌসুমের শুরুতেই বড় দলগুলোর পারফরম্যান্স নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
বঙ্গ ও মাইকোর এই অংশীদারত্বের অন্যতম লক্ষ্য হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো আরও সহজে পৌঁছে দেওয়া। একই সঙ্গে ফুটবলকে কেন্দ্র করে দর্শকদের জন্য আরও সমৃদ্ধ ও উপভোগ্য বিনোদন অভিজ্ঞতা তৈরি করতে চায় প্রতিষ্ঠান দুটি।
বঙ্গের প্রধান ব্যবসা ও করপোরেট বিষয়ক কর্মকর্তা মামুন আতিক বলেন, প্রিমিয়ার লিগ বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি ক্রীড়া আসর। বাংলাদেশের দর্শকদের জন্য পুরো ৩৮০টি ম্যাচ সরাসরি দেখার সুযোগ করে দেওয়া স্থানীয় ডিজিটাল বিনোদনজগতের জন্য বড় অর্জন। পুরো মৌসুমজুড়ে এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশার কথাও জানান তিনি।
বঙ্গের প্রধান পরিচালন কর্মকর্তা নাবিলা সাজ্জাদ বলেন, বাংলাদেশের লাখো ফুটবলপ্রেমীর কাছে প্রিমিয়ার লিগের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি ম্যাচ সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দিয়ে ফুটবল-উন্মাদনাকে আরও সহজ ও উপভোগ্য করে তোলাই তাদের লক্ষ্য।
তিনি জানান, বড় ম্যাচগুলোকে ঘিরে সমর্থকদের একত্র করতে আরও কয়েকটি ওয়াচ পার্টির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ২০২৬-২৭ মৌসুমকে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আরও স্মরণীয় করে তুলতে চায় বঙ্গ।
এদিকে পুরো মৌসুমের ম্যাচ উপভোগের জন্য দর্শকদের জন্য সাবস্ক্রিপশন প্যাকেজও ঘোষণা করেছে বঙ্গ। সিজন পাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪৯ টাকা। এ ছাড়া যারা মাসিক ভিত্তিতে সাবস্ক্রিপশন নিতে চান, তাদের জন্য রয়েছে ৯৯ টাকার মাসিক প্যাকেজ।
ফলে নতুন মৌসুমে বাংলাদেশের দর্শকেরা বঙ্গের প্ল্যাটফর্মে প্রিমিয়ার লিগের পুরো ৩৮০ ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাবেন। পাশাপাশি বড় ম্যাচ ঘিরে বিশেষ আয়োজন ও ওয়াচ পার্টির মাধ্যমে মাঠের বাইরেও প্রিমিয়ার লিগের উত্তেজনা আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের।