• হোম > রাজনীতি > প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

  • শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১৮:৪৬
  • ১৯

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন জহির উদ্দিন স্বপন সরকারের পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে তিনি মন্ত্রীর বেতন-ভাতাদি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। তার পদত্যাগের পর মন্ত্রিসভায় দায়িত্ব পুনর্বণ্টন করা হয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর পর এবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।

নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ডে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার পাশাপাশি সরকারের রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন জহির উদ্দিন স্বপন। প্রজ্ঞাপনে তার দায়িত্বের ধরন ও সুযোগ-সুবিধার বিষয়গুলোও স্পষ্ট করা হয়েছে।

 

 

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15635 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 03:06:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh