• হোম > দেশজুড়ে > ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের নির্দেশ

ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের নির্দেশ

  • শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১৭:২৮
  • ১৪

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়। সভায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বেছে নেওয়া হয়।

প্রস্তাবিত এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়া রুটটিতে তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের পর এর বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করা হবে।

দীর্ঘদিন ধরে নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে নৌপথের ওপর উল্লেখযোগ্য নির্ভরতা রয়েছে। সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলে এ নির্ভরতা অনেকাংশে কমবে। একই সঙ্গে ভোলা থেকে বরিশাল ও ঢাকায় যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমে আসতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি চালু হলে এটি ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগের একটি কার্যকর বিকল্প পথ হিসেবে গড়ে উঠতে পারে। এর ফলে পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসতে পারে।

ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার এই উদ্যোগকে জেলার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার একটি গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে প্রকল্প বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা যাচাই, নির্মাণ ব্যয়, ভূমি ও অবকাঠামোগত প্রয়োজনীয়তা এবং সেতু নির্মাণের বিষয়গুলো বিস্তারিতভাবে মূল্যায়ন করা হবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15610 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 01:24:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh