
ই-বাংলাদেশ ডেস্ক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
শুভেচ্ছাবার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। দীর্ঘ এই রাজনৈতিক জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও নিবিড়ভাবে সম্পৃক্ত।
তিনি বলেন, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা মির্জা ফখরুলকে দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
মুহাম্মদ ইউনূস আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে বলে তিনি আশা করেন।
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সাফল্য কামনা করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এটাই তাঁর প্রত্যাশা।
শুভেচ্ছাবার্তার শেষাংশে মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।