• হোম > বাংলাদেশ > নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্য-চীনের শুভেচ্ছা

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্য-চীনের শুভেচ্ছা

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১৯:৩৯
  • ৩৩

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য ও চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয়।

যুক্তরাজ্যের দূতাবাসের অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও শক্তিশালী করতে নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

অন্যদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় চীনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় বেইজিং জানিয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন।

চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে তারা। দুই দেশের সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও চীনের জনগণের জন্য অধিক সুফল বয়ে আনার প্রত্যাশাও জানিয়েছে দেশটি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। মির্জা ফখরুলের নির্বাচনের পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে তার দায়িত্ব গ্রহণকে ঘিরে দেশি-বিদেশি মহলের প্রতিক্রিয়াও সামনে আসছে।

 

 

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15602 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 04:33:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh