• হোম > বাংলাদেশ > দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১৭:৩৭
  • ১২

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্যদের সরাসরি ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্ররাজনীতি, শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় সরকার, সংসদ সদস্য ও মন্ত্রী থেকে বিএনপির মহাসচিব—বিভিন্ন পর্যায় পেরিয়ে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হতে যাচ্ছেন তিনি।

ঠাকুরগাঁওয়ে জন্ম, রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মির্জা রুহুল আমিন ছিলেন পেশায় আইনজীবী। তিনি পাকিস্তান প্রাদেশিক পরিষদের দুইবারের সদস্য ছিলেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের সময় তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তাঁর মা ছিলেন মির্জা ফাতেমা আমিন।

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করার পর মির্জা ফখরুল ঢাকার ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনেই রাজনীতিতে হাতেখড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার সময়ই রাজনীতির সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। ছাত্রজীবনে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন।

তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং এসএম হল শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।

ছাত্ররাজনীতির এই সময়টিই পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক জীবনের ভিত গড়ে দেয়। রাজপথের আন্দোলন, সংগঠন পরিচালনা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে নিজেকে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

শিক্ষকতা থেকে সরকারি চাকরিতে

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা শেষ করার পর মির্জা ফখরুল শিক্ষকতা পেশায় যোগ দেন। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করার পর তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন।

১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সরকারি চাকরিতে কয়েক বছর থাকার পর ১৯৮৬ সালে তিনি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন।

স্থানীয় রাজনীতি থেকে বিএনপির নেতৃত্বে

১৯৮৮ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯০-এর দশকের শুরুতে এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগ দেন।

১৯৯২ সালে তাঁকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। এরপর দলের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন ধাপ অতিক্রম করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং পরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার আগে তিনি দলের কৃষক সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন সংগঠনটির সভাপতির দায়িত্বও পালন করেন।

সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। বিএনপি সরকারের আমলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয় পান। তবে নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেননি।

সংকটের সময়ে বিএনপির গুরুত্বপূর্ণ মুখ

বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অন্যতম কঠিন সময়ে মির্জা ফখরুল দলের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে চলে যাওয়ার পর দেশে থেকে দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন মির্জা ফখরুল।

দলের সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন আন্দোলনে তাঁর সক্রিয় উপস্থিতি তাঁকে বিএনপির শীর্ষ সারির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত করে। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং দলটির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রের সর্বোচ্চ পদে

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর নতুন রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদে তাঁর আসনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশেই ছিল।

দলের জ্যেষ্ঠ নেতাদের মতে, বিএনপির কঠিন সময়ে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো।

পারিবারিক জীবন

ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল ইসলাম পারিবারিক জীবনকেন্দ্রিক ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর স্ত্রী রাহাত আরা বেগম। তাঁদের দুই কন্যা মির্জা শামারুহ ও মির্জা সাফারুহ।

তাঁর স্ত্রী একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন। বড় মেয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সিডনিতে পোস্টডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন।

রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হবে সংসদীয় আসন ও মন্ত্রিত্ব

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর আইন অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য পদ ও মন্ত্রিত্ব—দুই পদই শূন্য হবে। একই সঙ্গে তাঁর নির্বাচনী আসনটিও শূন্য ঘোষণা করা হবে।

এ কারণে তাঁর ছেড়ে দেওয়া সংসদীয় আসনে উপনির্বাচন এবং মন্ত্রিসভায় তাঁর দায়িত্বে কে আসবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ছাত্রনেতা ও শিক্ষক থেকে শুরু করে স্থানীয় রাজনীতিবিদ, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিব—দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের রাজনৈতিক ও পেশাগত পথচলা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। তাঁর এই উত্থান দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15587 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 01:54:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh