• হোম > এক্সক্লুসিভ | বাংলাদেশ > আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন, ভোট ২টা থেকে ৫টা

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন, ভোট ২টা থেকে ৫টা

  • বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১৮:৫১
  • ৪০

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের যত ধরনের প্রস্তুতি প্রয়োজন, তার সবই সম্পন্ন হয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। ফলে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার বিষয়ে তারা আশাবাদী।

এ এম এম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসীর দৃষ্টি রয়েছে। এ কারণে নির্বাচনটি দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এমন একটি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

১৯৯১ সালের পর আবার রাষ্ট্রপতি নির্বাচন

সিইসি জানান, ১৯৯১ সালের পর দেশে আর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ সময় পর এবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টদের জন্যও এটি একটি বিশেষ অভিজ্ঞতা।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এ ধরনের নির্বাচন পরিচালনায় অভ্যস্ত নন। তারপরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও মহড়া সম্পন্ন করা হয়েছে, যাতে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের ঘাটতি না থাকে।

ভোটার ৩৪৯ জন

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটারদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধীদলীয় নেতা। এ ছাড়া জাতীয় সংসদের অন্যান্য সদস্যরাও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

তিনি জানান, ভোটগ্রহণের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। এতে ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা আরও স্পষ্ট হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

ভোট গণনাও হবে সরাসরি সম্প্রচারে

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টায় ভোট গণনা শুরু হবে। ভোট গণনার কার্যক্রমও সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সিইসি।

তিনি বলেন, সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর চলে যেতে বাধ্য নন। তারা চাইলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।

সিইসি আরও জানান, ভোট গণনা শেষে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হয়েছে—এসব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হবে।

ফল ঘোষণার পর গেজেট

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর বিজয়ী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এরপর নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

সিইসি বলেন, পুরো নির্বাচনী প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো পক্ষের আপত্তি থাকার কথা নয়।

দীর্ঘ প্রায় তিন দশকের বেশি সময় পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোটকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনও এ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15532 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 05:00:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh