
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে ‘এ-৩’সহ অন্যান্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকরা প্রচলিত ‘কেওয়াইসি’ বিধি অনুসরণ করে ব্যাংক হিসাব খুলতে পারবেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশি নাগরিকের ব্যাংক হিসাব খোলার আগে তার ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকলে প্রচলিত কেওয়াইসি বিধি পরিপালন করে হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নতুন নির্দেশনার আওতায় ‘এ-৩’সহ অন্যান্য কর্মসংস্থান ভিসায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা ব্যাংকের মাধ্যমে বেতন ও ভাতা গ্রহণ করতে পারবেন। বিদেশি কর্মীদের বেতন-ভাতা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিশোধের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা পরিপত্রে ‘এ-৩’ ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ধরনের কর্মীদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয় এবং নির্ধারিত মেয়াদ শেষে তা নবায়ন করতে হয়।
অনেক ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও উল্লেখ থাকে। এ কারণে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব না খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে বৈধ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের ব্যাংক হিসাব খোলা ও বেতন-ভাতা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।