
ই-বাংলাদেশ ডেস্ক
হরমুজ প্রণালিকে ‘নতুন’ মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ওই পোস্টে মানচিত্রটি নিয়ে কোনো অতিরিক্ত মন্তব্য করেননি তিনি।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে পারেন। তার ওই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর মধ্যেই নতুন করে এমন মানচিত্র প্রকাশ করলেন তিনি।
ট্রাম্পের মানচিত্র প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ ঘটনাকে ‘বিভ্রম’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ট্রাম্প মানচিত্রে ‘পারস্য উপসাগর’-এর নাম সঠিকভাবে উল্লেখ করলেও হরমুজ প্রণালি নিয়ে তার ধারণা শিগগিরই সংশোধন করা হবে। প্রয়োজনে ইরানই এই ‘বিভ্রম’ সংশোধন করবে বলেও মন্তব্য করেন তিনি।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে হরমুজকে ঘিরে যেকোনো রাজনৈতিক বা ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।